বিস্ফোরক অধিদপ্তরের সব সেবা অনলাইনে

দেশের শিল্প ও বাণিজ্য খাতের অন্যতম লাইসেন্স ও অনুমোদন প্রদানকারী ও পর্যবেক্ষণ সংস্থা বিস্ফোরক অধিদপ্তরের সব সেবা অনলাইনে পাওয়া যাবে। গতকাল শনিবার এ সেবার উদ্বোধন করা হয়।

বিস্ফোরক পরিদপ্তর পেট্রোলিয়াম শ্রেণির অন্তর্ভুক্ত প্রজ্বালনি রাসায়নিক পদার্থ আমদানিকরণের অনাপত্তি, সিলিন্ডার, সিলিন্ডারের ভাল্ভ আমদানিকরণের লাইসেন্স, প্রজ্বালনীয় এবং বিপজ্জনক পদার্থ আমদানিকরণের অনুমতি, গ্যাসাধার আমদানিকরণের অনুমতি, খনিজ সম্পদ অনুসন্ধানে ব্যবহার্য বিস্ফোরক আমদানিকরণের লাইসেন্স এবং অনুমোদন, নবায়ন সংশ্লিষ্ট আবেদন, পেট্রোলিয়াম শ্রেণির অন্তর্ভুক্ত প্রজ্বলনীয় তরলপদার্থ আমদানি ও মজুদকরণের লাইসেন্স, স্থলপথে বিস্ফোরক পরিবহনের লাইসেন্স, সর্বসাধারণের প্রদর্শনের জন্য আতশবাজির লাইসেন্স, এলপিজি  মজুতকরণ অথবা মজুত ও সিলিন্ডারে উক্ত গ্যাস ভর্তি করার জন্য লাইসেন্স, বিস্ফোরক  ব্যবহারের জন্য স্বল্প মেয়াদে বা স্থায়ীভাবে ম্যাগাজিনে বা বাঙ্কারে বিস্ফোরক রাখার লাইসেন্স দেয়। ১৮ ধরনের সেবা এখন সরাসরি দেওয়ার পাশাপাশি অনলাইনেও দেওয়া হবে বলে জানান প্রধান বিস্ফোরক পরিদর্শক মো.  মঞ্জরুল হাফিজ।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে সঙ্গেই অংশীজনদের সম্পৃক্ত করতে হবে। নতুন প্রযুক্তি ব্যবহারবান্ধব হতে হবে। অনলাইন সেবা সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি দুর্নীতিও কমাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এ টু আই প্রকল্পের পরিচালক আব্দুল মান্নান।