লিবিয়া থেকে ফিরলেন হামলায় বেঁচে যাওয়া ৯ জনসহ ১৬৪ বাংলাদেশি

লিবিয়া থেকে গত এক সপ্তাহে ১৬৪ জন বাংলাদেশি অভিবাসী স্বেচ্ছায় দেশে ফিরে এসেছেন। এদের মধ্যে রয়েছেন মিজদাহ শহরে পাচার চক্রের হামলার শিকার ৯ বাংলাদেশিও। গত মে মাসে লিবিয়ার মিজদাহ শহরে পাচারকারীদের গুলিতে ৩০ জন নিহত হন, যাদের মধ্যে ২৬ জন ছিলেন বাংলাদেশি। ঐ হামলায় গুরুতর আহত হন ১১ বাংলাদেশি। গতকাল শনিবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে ফেরাদের মধ্যে ১০০ জন বিপন্ন অভিবাসী ছিলেন। তাদের মধ্যে ৩৯ জন শারীরিকভাবে অসুস্থ। অভিবাসীদের তাত্ক্ষণিক সহায়তার জন্য তাদের সঙ্গে ভ্রমণ করেন আইওএমের মেডিক্যাল সহায়তা প্রদানকারীরা।

মিজদাহর আক্রমণের শিকার বাংলাদেশি অভিবাসী মোহাম্মদ সৈয়দ খান বলেন, আমি এই ঘটনা কিছুতেই ভুলতে পারছি না। এটা আমার কাছে দুঃস্বপ্নের মতো। আমার শরীরে গুলি লাগে এবং চার মাস পর আমি দেশে ফেরার মতো সুস্থ হই। এখনো অনেকেই পুরোপুরি সুস্থ হননি এবং আমরা এখনো আতঙ্কিত। আইওএমের কাছ থেকে শরীরিক চিকিত্সা ও মনোসামাজিক সেবার পাশাপাশি আর্থিক সহায়তা পাবেন সৈয়দ খান। 

আইওএম বাংলাদেশের মিশন প্রধান গিওরগি গিগাওরি বলেন, কোভিড-১৯ সমগ্র বিশ্বের অভিবাসী কর্মীদের বিপদাপন্নতাকে বাড়িয়ে দিয়েছে। অবরুদ্ধ এবং অসহায় অভিবাসীদের সহায়তায় এগিয়ে যেতে আমরা চলাচলসহ নানা নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার জন্য কাজ করে চলেছি। অভিবাসীদের জন্য স্বাস্থ্যসেবা, আশ্রয়, খাদ্য, কনস্যুলার সেবা এবং সর্বোচ্চ বিপদাপন্নদের জন্য দেশে ফেরত আনার ফ্লাইট নিশ্চিত করতে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে, বিশেষ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে একত্রে কাজ করে যাচ্ছি।