ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে বালু উত্তোলন,হুমকির মুখে কৃষি জমি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিলকেন্দুাই গ্রামে ড্রেজার মালিক ও বালু ব্যবসায়ীদের স্বেচ্ছাচারিতায় হুমকির মুখে পড়েছে বিপুল সংখ্যক কৃষি জমি।

সরকারি খালসহ কৃষি জমি ঘেঁষা খালের পাড় থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে গভীর করে বালু ও মাটি উত্তোলন করায় পাড় ভেঙে কৃষি জমিগুলো এখন ভাঙনের মুখে। এতে করে জমি নিয়ে শঙ্কায় দিন কাটাচ্ছে অনেক কৃষক। ইতিমধ্যে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধসহ কৃষি জমি রক্ষায় জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে এলাকাবাসী।

এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, নাওঘাট  এবং বিলকেন্দুয়াই গ্রামের একটি প্রভাবশালী মহল গত ৩ বছর ধরে সদর উপজেলার বিলকেন্দুয়াইসহ খাকচাইল ও নাওঘাট মৌজার খালের উপর অবৈধ হ্যান্ড ড্রেজার মেশিন বসিয়ে খালের পাশে থাকা ইরি-বোরো জমির আইল ঘেঁষে বালু উত্তোলন করছে। এতে করে বিলকেন্দুয়াই মৌজার ১০টি ও খাকচাইল মৌজার ৪টি দাগের কৃষি জমি এবং ও নাওঘাট মৌজার ৭০ শতাংশ কৃষি ভূমিসহ প্রায় ২০ কানি কৃষি জমি হুমকির মুখে পড়েছে।

কৃষকরা আরও জানান, এলাকাবাসী বেশ কয়েকবার অভিযুক্তদের এ কাজে বাধা দিলেও তারা উল্টো কৃষি জমির মালিকদের ভয়ভীতি দেখিয়ে আসছে। তারা কৃষি জমি রক্ষায় সংশ্লিষ্টদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া জানান, এ ধরণের কাজের সাথে সম্পৃক্তদের ছাড় দেয়া হবে না। দ্রুতই অভিযান চালিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইত্তেফাক/এমআরএম