সলোমন দ্বীপপুঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত 

 সলোমন দ্বীপপুঞ্জে এই প্রথম একজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লেও এতদিন করোনামুক্ত ছিল সলোমন দ্বীপপুঞ্জ।  শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া এক টেলিভিশন ভাষণে  সলোমন দ্বীপপুঞ্জের  প্রধানমন্ত্রী মানাশে সোগাভারে করোনা রোগী শনাক্তের কথা জানান। 
  
তিনি বলেন, সম্পতি ওই ছাত্র ৯৬ জন যাত্রীকে বহনকারী একটি ফ্লাইটে করে ফিলিপাইন থেকে ফিরেছে। তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

তিনি আরো বলেন, আমি দু:খের সঙ্গে জানাচ্ছি আমাদের সমন্বিত প্রচেষ্টা সত্ত্বেও করোনা সংক্রমণ প্রতিরোধে আমরা হেরে গেছি।

প্রধানমন্ত্রী এই অঞ্চলের ছয় লাখ অধিবাসীর প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, করোনা ছড়িয়ে পড়া রোধে কন্টাক্ট ট্রেসিং ও অন্যান্য পদক্ষেপ নেয়া হয়েছে।
তবে লকডাউনের প্রয়োজন নেই বলে তিনি জানান।

 বার্তা সংস্থা এএফপি'র প্রতিবেদনে বলা হয়,  যাত্রা শুরুর আগে ফিলিপাইনে তিন দফা পরীক্ষায় ছাত্রটির শরীরে করোনা নেগেটিভ শনাক্ত হয়। কিন্তু সলোমন দ্বীপপুঞ্জের  রাজধানী হোনিয়ারাতে ফেরার পর নিয়মিত চেকআপে পজিটিভ ধরা পড়ে। তাকে আইসোলেশানে রাখা হয়েছে।

জানা গেছে, সলোমন দীপপুঞ্জের করোনায় আক্রান্ত  আরো ১৮ ছাত্র ফিলিপাইনে আইসোলেশানে রয়েছে। তারা করোনায় আক্রান্ত। 

করোনার সংক্রমণ ঠেকাতে গত মার্চ মাসে সলোমন দ্বীপপুঞ্জ তাদের সীমান্ত বন্ধ করে দেয়। এরপর ফিলিপাইনে তাদের ৪শ’রও বেশি শিক্ষার্থী আটকা পড়ে।

অভিভাবকদের চাপে সলোমন কর্তৃপক্ষ তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেয়। প্রধানমন্ত্রী জানান, করোনা সংক্রমণ সত্ত্বেও, বাকি শিক্ষার্থীদের ফিরিয়ে আনা হবে।  

ইত্তেফাক/এআর