ইডেনের অধ্যক্ষ হত্যায় দুই গৃহপরিচারিকার মৃত্যুদণ্ডাদেশ

রাজধানীর ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলায় দুই গৃহপরিচারিকাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ রবিবার দুপুরে ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন, ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনের বাসার কাজের মেয়ে রুমা ওরফে রেশমা ও রিক্তা আক্তার ওরফে স্বপ্না।

আদালত সূত্রে জানা যায়, সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই গৃহপরিচারিকা রুমা ওরফে রেশমা ও রিক্তা 
আক্তার ওরফে স্বপ্নার মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

এছাড়া বাসার মালামাল চুরি করায় তাদের ৭ বছরের কারাদণ্ড, ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ট্রাইব্যুনাল। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
রুমা ওরফে রেশমা ও রিক্তা আক্তার ওরফে স্বপ্নাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

এর আগে বুধবার রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি-উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন আদালত।

উল্লেখ্য, ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডে সুকন্যা টাওয়ারে নিজ বাসা থেকে মাহফুজা চৌধুরী পারভীনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরদিন সকালে পলাতক দুই গৃহপরিচারিকা রুমা ওরফে রেশমা ও রিক্তা আক্তার ওরফে স্বপ্নাসহ তিনজনকে আসামি করে নিউমার্কেট থানায় মামলা করেন মাহফুজা চৌধুরীর স্বামী ইসমত কাদের গামা।

আসামিরা ২০ ভরি স্বর্ণ যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা, একটি স্যামসাং জে-৭ মোবাইল সেট এবং নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। মামলার পর স্বপ্না, রেশমা ও তাদের জোগানদাতা রুনু বেগম ওরফে রাকিবের মাকে গ্রেফতার করে রিমান্ডে নেয় পুলিশ। স্বপ্না ও রেশমা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

২১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার এসআই আলমগীর হোসেন মজুমদার গৃহপরিচারিকা রুমা ওরফে রেশমা ও রিতা আক্তার ওরফে স্বপনার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। রুনু বেগমের বিরুদ্ধে অভিযোগ না পাওয়ায় তাকে অব্যাহতির আবেদন করেন তদন্ত কর্মকর্তা। গত ৯ ফেব্রুয়ারি দুই আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলায় ৩৪ জনের মধ্যে বিভিন্ন সময় ২৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। বাসস

ইত্তেফাক/কেকে