জন্মদিন হোক আত্মশুদ্ধির দিন

মানুষের জীবনে যত বিশেষ দিন আছে, তার মধ্যে সর্বপ্রথম হলো তার জন্মদিন। দিনটা অবশ্যই আনন্দের। কিন্তু যেভাবে আমাদের উদযাপন করা উচিত, আমরা সেভাবে করি না। বিদেশি সংস্কৃতির সঙ্গে তাল মিলিয়ে রাত ১২টায় উইশ করা, কেক কাটা, মোমবাতি নেভানো, গান-বাজনা করা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। জন্মদিন অতিরিক্ত ফুর্তির কোনো বিষয় নয়। জীবনের একটা বছর পেরিয়ে আরেকটা বছরে পদার্পণ, এটা অবশ্যই শুকরিয়ার বিষয়। বিগত একটা বছরে অনেকেই এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। কিন্তু এত সড়ক দুর্ঘটনা, হত্যা, খুন, বন্যা, প্রাকৃতিক দুর্যোগের পরেও বেঁচে আছেন, স্রষ্টা আরো একটা জন্মদিন দিয়েছেন—তাই সবার উচিত এই দিনে নিজের জীবনের হিসাব করা, বিগত বছরগুলোতে কী কী ভালো কাজ করলাম তার স্মৃতিচারণ করা। নিজের ভুল বা খারাপ জিনিসগুলো শুধরে নিয়ে ভালো তথা সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করলে তবেই মানুষ হয়ে জন্ম নেওয়াটা সার্থক হবে। নশ্বর এই দুনিয়ার মানুষ কর্মগুণেই বেঁচে থাকে। তাই আসুন জন্মদিনে নিজের কাছে নিজে ভালো কাজ করার প্রতিশ্রুতি জানাই, আত্মশুদ্ধির মাধ্যমেই সুন্দর করে তুলি নিজের ভবিষ্যত্ জীবন।

তাহরিমা মাহজাবিন

শিক্ষার্থী, রসায়ন বিভাগ,

সরকারি তিতুমীর কলেজ,

ঢাকা