অনুপ্রবেশকারীদের কমিটি থেকে বের করা হবে :তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যেসব সুযোগসন্ধানী পরিচয় গোপন করে আওয়ামী লীগের বিভিন্ন কমিটিতে ঢুকেছেন তাদের চিহ্নিত করে বের করে দেওয়া হবে। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের শনিবারের সভায় এ নিয়ে আলোচনা হয়েছে বলে গতকাল সচিবালয়ে এক অনুষ্ঠানে জানিয়েছেন তিনি। তিনি বলেন, দেশের মানুষের বিনোদনের অন্যতম স্থান সিনেমা হল সংস্কারে উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল চালু এবং নতুন হল নির্মাণ করা হচ্ছে। সেজন্য সহজ শর্তে দীর্ঘ মেয়াদে ঋণ দিতে ১ হাজার কোটি টাকার তহবিল গঠন হতে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। গতকাল সচিবালয়ে সংশ্লিষ্ট চলচ্চিত্র নির্মাতা, গবেষক ও প্রশিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তথ্য জানান তিনি। তথ্যমন্ত্রী আরো বলেন, চলচ্চিত্র জীবনের কথা বলে, সমাজের কথা বলে, সমসাময়িক কালের কথা বলে। মানুষকে আনন্দ দেয়। মানুষের জীবন থেকে শুরু করে রাষ্ট্র সমাজের অনেক বিষয় তুলে ধরা হয়। তাই এই শিল্পকে গুরুত্ব দিয়ে আরো আধুনিকায়ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।