লঞ্চে সন্তানের জন্ম

আজীবন বিনা ভাড়ায় যাতায়াত

ঢাকা থেকে বরিশালে যাওয়ার পথে একটি যাত্রীবাহী লঞ্চে গর্ভবতী এক নারী কন্যাসন্তান প্রসব করেছেন। শনিবার দিনগত রাত সাড়ে ১১টায় জন্ম নেওয়া ঐ সন্তান ও তার মা সুস্থ আছেন বলে জানায় এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের কর্তৃপক্ষ। জানা যায়, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল এলাকার বাসিন্দা ফোরকান হাওলাদারের স্ত্রী ফাহিমা বেগম এই কন্যাসন্তান জন্ম দেন। ফোরকান ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। গর্ভবতী স্ত্রী ফাহিমাকে নিয়ে শনিবার রাতে ঢাকা থেকে এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের ২১০ নম্বর কেবিনে করে বরিশালের উদ্দেশে যাত্রা করেন তিনি। রাত সাড়ে ১১টার দিকে স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে তিনি লঞ্চের দায়িত্বরত স্টাফদের বিষয়টি জানান। লঞ্চে দুই জন নারীর সহায়তায় প্রসবের ব্যবস্থা করা হয়। লঞ্চের স্বত্বাধিকারী নিজাম শিপিং কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন মৃধা জানান, শিশুটি ও তার মা ভালো ও সুস্থ থাকলেও লঞ্চটিকে নিরাপদে যথাসম্ভব আগেভাগে বরিশালে পৌঁছানোর জন্য মাস্টারদের বলা হয়। সেখানে কোম্পানির পক্ষ থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়।

এছাড়া হাসপাতালে ভর্তি করানো ও চিকিত্সার যাবতীয় সহায়তা কোম্পানির পক্ষ থেকেই করা হবে। এছাড়াও ফোরকান ও ফাহিমা দম্পতি ও সদ্যভূমিষ্ঠ হওয়া শিশুটির আজীবনের জন্য এ কোম্পানির লঞ্চে যাতায়াত ফ্রি বলে তিনি জানান।  এদিকে, নিরাপদে শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পরে গোটা লঞ্চে মাইকে এর ঘোষণা দেওয়া হলে গোটা লঞ্চে উত্সবের আমেজ ছড়িয়ে পরে। লঞ্চের যাত্রী একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার কাছে থাকা মিষ্টি যাত্রীদের মধ্যে বিতরণ করেন।