জান-ই-আলম
ত্রিদলীয় সিরিজে খেলবেন না?
-না। গতকালই (৩ অক্টোবর, শনিবার) মাত্র জেনেছি। প্রস্তুতির বিষয় আছে।
তবে কি করপোরেট লিগে খেলবেন?
-অবশ্যই খেলব। নান্নু ভাই (প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু) ফোন করেছিলেন। আমি বলেছি, করপোরেট লিগে যেন আমাকে রাখে। ওখানে খেলব। শুধু টি-২০, ওয়ানডে কেন, আমি ফোর ডেও খেলব। রিটায়ার্ড তো করিনি। আমি ক্রিকেটার। সব জায়গায় খেলব। তবে খেলার আগে প্রস্তুতির দরকার আছে।
গতকাল মুঠোফোনে কথাগুলো বলছিলেন মাশরাফি বিন মুর্তজা।
করোনাকালে ক্রিকেট বিচ্ছিন্ন সাবেক এই অধিনায়ক যেন আড়ালেই পড়ে গিয়েছিলেন। আগামী ১১ অক্টোবর শুরু হতে চলা ত্রিদলীয় ওয়ানডে সিরিজের পরিকল্পনা আসতেই আলোচনায় আসল মাশরাফির নাম।
গত জুলাই থেকে মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করছেন ক্রিকেটাররা। সেখানে ছিলেন না ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দলের দিন বদলের নেতা। প্রাণঘাতী করোনায় ভুগেছেন লম্বা সময়। প্রায় দেড় মাস লড়াইয়ের পর সেরে উঠেছেন তিনি।
এই সময়ে অভিভাবক বিসিবিও খবর রাখেনি মাশরাফির। নির্বাচকরাও যোগাযোগ করেননি। এখন সিরিজ শুরুর এক সপ্তাহ আগে যখন নির্বাচকরা জানালেন, তখন স্বাভাবিকভাবেই খেলতে প্রস্তুত নন অভিজ্ঞ এই পেসার। সার্বিক চিত্রপটে মাশরাফির মনের কোনো ক্ষোভের আস্তরণ পড়াটা অস্বাভাবিক নয়।
জাতীয় দলের স্কিল ক্যাম্প হচ্ছিল শ্রীলঙ্কা সফরকে কেন্দ্র করে। সেটাও লাল বলে, টেস্টের জন্য। মিরপুরে জৈব সুরক্ষা বলয়ে অনুশীলন করেছেন মুমিনুল-মুশফিকরা। তাই টেস্ট দল, স্কিল ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের বাইরে থাকা কেউই মিরপুরে অনুশীলন করতে পারেননি।
করোনার কারণে গৃহবন্দি সময় কেটেছে ক্রিকেটারদের। মাশরাফিও ব্যতিক্রম নন। এখন বিসিবির সুযোগ-সুবিধা ব্যবহার করা না গেলেও নিজেকে প্রস্তুত করার মিশন শুরু করবেন ডানহাতি এই পেসার। গতকাল বলেছেন, ‘আমি যেহেতু ক্রিকেটার। আমার ব্যবস্থা আমাকেই করতে হবে। বিসিবি সুযোগ দিলে খেলতে পারব। আমাকে প্রস্তুতি শুরু করতে হবে।’
ফিটনেসের কাজেই আগে মনোযোগী হবেন মাশরাফি। তারপর বোলিংয়ে নামবেন। খুব দ্রুতই আবার সক্রিয় দেখা যাবে তাকে। গতকাল তিনি বলেন, ‘এক মাস পর করপোরেট লিগ। সময় আছে এক মাস। আগে অন্তত দুই-তিন সপ্তাহ ফিটনেসের কাজ করতে হবে। তারপর বোলিং করব।’
জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের পর গত ১৬ মার্চ সর্বশেষ ম্যাচ খেলেছিলেন মাশরাফি। ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলেন তিনি।
আবারও বল হাতে ২২ গজের লড়াইয়ে নামতে প্রতিজ্ঞ মাশরাফি।