আইসিইউতে আফগান ওপেনার তারাকাই

স্পোর্টস ডেস্ক

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের আইসিউতে ভর্তি আছেন আফগান ওপেনার নাজিবুল্লাহ তারাকাই। ঘটনাটি ঘটে গেল শুক্রবার। নাঙ্গারহার প্রদেশের পূর্বাঞ্চলে রাস্তা পারাপারের সময় তাকে ধাক্কা দেয় একটি গাড়ি। পরে তাকে দ্রুত একটি হাসপাতালে ভর্তি করা হয়। আফগান ক্রিকেট বোর্ডের (এসিবি) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নাজিম জার আব্দুলরাহিমজাই জানিয়েছেন, ‘গতকাল সে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে এখন আইসিইউতে ভর্তি আছে। তার অবস্থা ভালো নয়, চিকিত্সকরাও একই কথা বলেছেন। তাই আমরা বলতে পারছি না, তার ভাগ্যে কী আছে।’

আফগান ক্রিকেট দলের হয়ে নাজিবুল্লাহর অভিষেক হয় ২০১৪ সালের মার্চে। জাতীয় দলের হয়ে ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সঙ্গে একটি ওয়ানডেতেও খেলেছেন এই ওপেনার। টি-টোয়েন্টিতে একটি হাফ সেঞ্চুরিসহ তার রান ২৫৮। ২৯ বছর বয়সি এই তারকাকে গেল বছর সর্বশেষ দেখা গিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। গেল সেপ্টেম্বরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই টি-টোয়েন্টি ম্যাচে আফগানদের প্রতিপক্ষ ছিল স্বাগতিক বাংলাদেশ দল।