রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ডাটা এন্ট্রি অপারেটর মোহাম্মদ মহিউদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৭২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার দুদকের সহকারী পরিচালক নারগিস সুলতানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি মোহাম্মদ মহিউদ্দিন অসাধু উপায়ে নিজে ও তার স্ত্রী মাহবুব আরা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭১ লাখ ৭৪ হাজার ৯১৩ টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন।
এছাড়া ১০ লাখ ৪২ হাজার ৭৩৬ টাকার অস্থাবর সম্পদের তথ্য দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে গোপন করেছেন। মহিউদ্দন দম্পতির বিরুদ্ধে দুদক আইন-২০০৪ এর ২৬ (২) ধারা ও ২৭ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে। অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তাদের নামে স্থাবর-অস্থাবর সম্পদে রূপান্তর করে মানিলন্ডারিং প্রতিরোধ আইনও শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি