বিভিন্ন স্থানে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
কুমিল্লা :কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদের বিপরীতে যাচাই-বাছাইয়ে বৈধ আট প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রবিবার নগরীর ছোটরা এলাকায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, আগামী ২০ অক্টোবর নির্বাচনকে সামনে রেখে রবিবার চেয়ারম্যান পদে দুই জন, ভাইস চেয়ারম্যান পদে চার জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জনসহ আট জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রার্থীরা হলেন চেয়ারম্যান পদে মোহাম্মদ আলী (নৌকা) ও মো. সাইফুল আলম (ধানের শীষ), ভাইস চেয়ারম্যান পদে মো. আমান উল্লাহ এসডু (চশমা), মো. তারিকুল ইসলাম (তালা), মো. বিল্লালুর রশিদ দোলন (টিয়াপাখি) ও রুহুল আমিন (ধানের শীষ) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা ইয়াছমিন (ধানের শীষ) ও রোজিনা আক্তার (প্রজাপতি)।
পূর্বধলা (নেত্রকোনা) : পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে রবিবার চেয়ারম্যান পদে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ জানান, আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে এ ইউনিয়নে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীসহ ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন মো. আব্দুল হালিম খান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. তারা মিয়া (আনারস), মো. এনামুল হক, পিতা আব্দুল খালেক (দুটি পাতা), আব্দুল আওয়াল (টেবিল ফ্যান), মোহাম্মদ আলতাব হোসেন (ঢোল), মো. এনামুল হক, পিতা আব্দুল হেমিক (অটোরিকশা), মো. রেজুয়ানুর রহমান (রজনীগন্ধা), মো. হারুন অর রশিদ (টেলিফোন), ওমর ফারুক (চশমা), রতন চন্দ্র সিংহ (ঘোড়া) ও মো. মাহমুদুল হাসান সিপন (মোটরসাইকেল)। উল্লেখ্য, ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমীন খান গত ৩ মে মৃত্যুবরণ করলে এ পদটি শূন্য হয়ে যায়। গত ১৪ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে শূন্য পদের উপনির্বাচনের জন্য তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
মতলব দক্ষিণ ( চাঁদপুর) : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদের উপনির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী শনিবার বিকাল ৫টা পর্যন্ত ছিল প্রার্থী প্রত্যাহারের শেষ দিন। রবিবার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদে বি এইচ এম কবির আহমেদ (নৌকা) এবং বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী এম এ শুক্কুর পাটওয়ারীকে (ধানের শীষ) প্রতীক বরাদ্দ দেওয়া হয়। রিটার্নিং অফিসার মো. মোজাম্মেল হোসেন বলেন, আগামী ২০ অক্টোবর এ উপজেলার চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
কচুয়া (চাঁদপুর) : কচুয়া উপজেলার ১ নম্বর সাচার ও ১০ নম্বর গোহট উত্তর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রবিবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কর্মকর্তা আবু বকর উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। প্রতীক প্রাপ্তরা হলেন—সাচার ইউনিয়ন চেয়ারম্যান পদে মো. মনির হোসেন (নৌকা), আসকর আলী (ধানের শীষ), মোশারেফ হোসেন (আনারশ), এস এম শুভ (চশমা) ও ১০ নম্বর গোহট উত্তর ইউনিয়ন চেয়ারম্যান পদে মো. কবির হোসেন (নৌকা), সাইদ মোরশেদ পলাশ (আনারশ), মোস্তফা কামাল (ধানের শীষ), হাবিবুন নবী (মটরসাইকেল)। এছাড়া ১০ নম্বর গোহট উত্তর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রতীক পান আবুল কাশেম (ফুটবল), সালাউদ্দিন (তালা) ও শাখায়াত হোসেন (বৈদ্যুতিক পাখা)। আগামী ২০ অক্টোবর কচুয়া উপজেলার ১ নম্বর সাচার ও ১০ নম্বর গোহট উত্তর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে ভোট হবে।