বাঁশখালী উপজেলার চাম্বল বাজার থেকে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের দক্ষিণে জাহাজখাড়ি এলাকায় মাছ ধরতে গিয়ে ইঞ্জিনচালিত ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারটিতে ২৩ জন মাঝিমাল্লা ছিল। তাদের কী পরিণতি হয়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ২৩ জেলে নিখোঁজ ও পাঁচ জনের মৃত্যুর গুজব রটে গেছে মাছ বাজারের ঘাটে ঘাটে। বোট মালিক সমিতির চারটি মাছ ধরার বোট উদ্ধারের তত্পরতা চালিয়ে যাচ্ছে। জেলেরা গত শনিবার সন্ধ্যায় চাম্বল বাংলাবাজার ঘাট থেকে ছগির মাঝির মালিকানাধীন ইঞ্জিনচালিত বোটটি মাছ ধরার জন্য রওনা দেয়। তবে পাঁচ জনকে সাগরের পানিতে ভাসমান অবস্থায় দেখেছে বলে জেলেরা জানালেও সত্যতা পাওয়া যায়নি। মাছ ধরার বোট মালিক সমিতি বলছে, বোট উদ্ধার ও মাঝিমাল্লারা কূলে ফিরে না আসা পর্যন্ত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে না।
চাম্বল বাংলাবাজার ঘাটের বোট মালিক সমিতির সভাপতি মো. হেফাজুল ইসলাম বলেন, শনিবার মাঝি-মাল্লা নিয়ে মো. ছগিরের মালিকানাধীন নতুন মাছ ধরার বোটটি সাগরে মাছ ধরতে যায়। সাগরে মাছ ধরতে যাওয়া অপর একটি বোটের শ্রমিকদের সঙ্গে জাল বসানো নিয়ে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে অপর বোটটি ধাক্কা দিলে ছগিরের মালিকানাধীন বোটটি ডুবে যায়। ডুবে যাওয়া জেলেদের অন্যান্য বোটের মাঝিমাল্লারা তুলে নিয়েছে শুনেছি। মৃত্যুর খবর আমরা জানি না। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, বিষয়টি কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে।