তিন স্থানে সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। গত শনিবার ও গতকাল রবিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
হবিগঞ্জ :হবিগঞ্জের বাহুবলের পাহাড়ি এলাকায় যাত্রীবাহী বাস ও জীপের মুখোমুখি সংঘর্ষে জীপ চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ জন। দুর্ঘটনার পর ঢাকা-মৌলভীবাজার-সিলেট পুরাতন মহাসড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। গতকাল উপজেলার রশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শ্রীমঙ্গল উপজেলার লছনা সাতগাঁও এলাকার সনয় কর্মকারের ছেলে জীপচালক সঞ্জীত কর্মকার (৩৮) ও রশিদপুর বাগান এলাকার চা-শ্রমিক অনিলের স্ত্রী অঞ্জলী (৭০)।
তালা (সাতক্ষীরা) :তালায় আহত খোকন শেখ (৪৫) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শনিবার রাতে মারা গেছেন। খোকন শেখ তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামের বাসিন্দা। গত বৃহস্পতিবার তালার বালিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হলে তাকে প্রথমে তালা হাসপাতালে ও পরে উন্নত চিকিত্সার জন্য খুলনা মেডিক্যালে পাঠানো হয়।
ভাণ্ডারিয়া (পিরোজপুর) :উপজেলার উত্তর-পূর্ব ভাণ্ডারিয়া মিঞা বাড়ির সবুজ মিঞা (২৮) নামে এক ব্যবসায়ীর গতকাল মৃত্যু হয়েছে। তিনি উত্তর-পূর্ব ভাণ্ডারিয়া মিঞা বাড়ির মো. জাহাঙ্গীর মিঞার ছেলে। শনিবার বাদ আসর নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে পার্শ্ববর্তী রাজাপুর উপজেলায় শ্বশুরবাড়ি যাওয়ার পথে রাজাপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের গালুয়া বাজার এলাকার অপর একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।