g প্রদীপ হালদার
হাসু একটা কোম্পানিতে চাকরি নিয়েছে। খুব সকাল থেকে মধ্যরাত পর্যন্ত অফিস করতে হয় বলে দাড়ি কাটার সময় পায় না। এই সমস্যার সমাধানের জন্য একদিন বসের কাছে গেল।
বস :কী ব্যাপার?
হাসু :স্যার, আগামীকাল আমার ছুটি দরকার।
‘কী জন্য?’
‘আমার দাড়ি অনেক লম্বা হয়ে গেছে, সেগুলো কাটব।’
‘কী বললেন?’
‘বলছি, আমি তো ষোল ঘণ্টা অফিস করছি, ফলে দাড়ি কাটার সময় পাচ্ছি না, তাই ছুটি চাই।’
‘আপনার কি মাথা খারাপ হয়েছে? বের হন।’
হাসুর মেজাজটা খারাপ হয়ে গেল। কিন্তু কিছু বলল না। একটা ফন্দি এঁটে বের হয়ে এল।
পরদিন হাসু আয়না, সাবান, রেজার ও ব্লেড নিয়ে অফিসে এল।
সবাই বলল, ‘ঘটনা কী?’
হাসু বলল, ‘দেখেন কী করি!’
তারপর হাসু শেভ করা শুরু করল। অফিসের সবাই অবাক হয়ে গেল। খবরটা বসের কানে যেতেই সে এসে রেগেমেগে বলল, ‘এসব হচ্ছে কী?’
‘দেখছেন না দাড়ি কাটছি।’
‘অফিসে দাড়ি কাটছ কেন? এসব বাড়িতে করবেন।’
‘অফিসেই তো বেশি সময় কাটাচ্ছি। আর বাড়ির চেয়ে দাড়ি অফিসে থাকতেই বেশি বড় হয়, তাই অন্তত অর্ধেকটা এখানে কাটব।’
হাসুর উদ্ভট কথা শুনে বস সাহেব হতভম্ব হয়ে গেল!
রেখাখালী, ইন্দুরকানী, পিরোজপুর