জুলাইয়ে ২৫ কোটি ভারতীয়কে টিকা দেওয়ার পরিকল্পনা মোদি সরকারের

ভারতে আগামী বছরের জুলাইয়ের মধ্যে ২৫ কোটি নাগরিকের কাছে নোভেল করোনা ভাইরাসের টিকা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। গতকাল রবিবার দেশবাসীকে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন। নিরপেক্ষভাবে যাতে ঐ প্রতিষেধকের বণ্টন হয়, সরকার তা সুনিশ্চিত করবে বলে জানিয়েছেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার

প্রতি রবিবার সোশ্যাল মিডিয়ায় ‘সানডে সংবাদ’ অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে কথোপকথন চালান হর্ষবর্ধন। গতকাল সেখানে তিনি বলেন, আগামী জুলাইয়ের মধ্যে ১৩০ কোটির মধ্যে ২৫ কোটি নাগরিকের কাছে করোনার প্রতিষেধক পৌঁছে দেওয়ার লক্ষ্য আছে সরকারের। এজন্য ৪০-৫০ কোটি ডোজ হাতে পাচ্ছি আমরা। সবার মধ্যে সমানভাবে সেগুলো বণ্টন করা হবে। টিকা হাতে এসে পৌঁছালে প্রথমে কাদের দেওয়া হবে তা নিয়ে ধন্দ রয়েছে। হর্ষবর্ধন জানান, স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে। প্রয়োজনীয়তা বুঝে কাদের ওপর আগে প্রতিষেধক প্রয়োগ করা উচিত অক্টোবরের মধ্যে তা জানিয়ে দিতে হবে। তবে সামনে থেকে করোনার বিরুদ্ধে লড়াই করে চলেছেন যারা সেই স্বাস্থ্যকর্মীদের প্রাধান্য দেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি। এই মুহূর্তে ভারতে করোনার তিনটি সম্ভাব্য প্রতিষেধকের ট্রায়াল চলছে।