ওয়াসার পানির দাম বাড়ানোর বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল

ওয়াসার পানির দাম বাড়ানো কেন অবৈধ হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে পানির মূল্য বৃদ্ধি সংক্রান্ত ওয়াসা আইনের ধারা কেন বেআইনি হবে না-রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি জে.বি.এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

রিটের পক্ষে আইনজীবী তানভীর আহমেদ আদালতের আদেশের বিষয়টি জানান। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

সেবার মান না বাড়িয়ে ১ এপ্রিল থেকে পানির দাম ২৫ শতাংশ বাড়ানোর ঢাকা ওয়াসার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। 

আইনজীবী তানভীর আহমেদ জনস্বার্থে এ রিটটি দায়ের করেন স্থানীয় সরকার সচিব, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষসহ (ঢাকা ওয়াসা) সংশ্লিষ্টদের রিটে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়।

গত ১ এপ্রিল থেকে ঢাকা ওয়াসা আবাসিক গ্রাহকদের পানির বিল ২৫ শতাংশ বাড়িয়েছে। আর বাণিজ্যিক গ্রাহকের বিল বাড়ানো হয়েছে প্রায় ৮ শতাংশ। নতুন মূল্যহার অনুযায়ী প্রতি হাজার লিটার পানির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪ টাকা ৪৬ পয়সা; যা আগে ছিল ১১ টাকা ৫৭ পয়সা। আর বাণিজ্যিকে প্রতি হাজার লিটারে ৩৭ টাকা ৪ পয়সা থেকে বাড়িয়ে ৪০ টাকা নির্ধারণ করা হয়। বাসস

ইত্তেফাক/কেকে