গঙ্গাচড়ায় শেখ হাসিনা তিস্তা সেতুর সংযোগ সড়কে ভাঙ্গন 

তিস্তার পানি কমলেও গঙ্গাচড়ায় শেখ হাসিনা তিস্তা সেতুর মহিপুর-কাকিনা সংযোগ সড়কে ভাঙ্গন দেখা দেখা দিয়েছে। ইতিমধ্যে এলজিইডি নির্মিত সংযোগ সড়কটির প্রায় ১০০ ফুট জুড়ে ব্লক ধসে গেছে। 

এতে করে যেকোনো সময় লালমনিরহাট জেলার কাকিনার সঙ্গে রংপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশংকা করছেন এলাকাবাসী। 

স্থানীয় লোকজন জানান, শংকরদহ এলাকায় একটি বাঁধ ভেঙ্গে যাওয়ার কারণে বর্তমানে তিস্তার আরো দুটি চ্যানেল বের হয়েছে। যার একটি যাচ্ছে চর ইচলি হয়ে এসকেএস বাজার দিয়ে। অন্যটি যাচ্ছে গঙ্গাচড়ার শেষ প্রান্ত সেরাজুল মার্কেটের ব্রিজের নিচ দিয়ে। দুটি প্রবাহই আবার তিস্তায় মিলিত হয়েছে। 

এর মধ্যে  সেরাজুল মার্কেটের নিকট ব্রিজের দক্ষিণ পার্শ্বে পানির তোড়ে প্রায় এক’শ ফুট এলাকা জুড়ে ভাঙ্গন দেখা দিয়েছে।  রাস্তার ব্লক পিচিং ধসে গেছে। ভাঙ্গন এসে ঠেকেছে পাকা রাস্তায়। এ অবস্থায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গঙ্গাচড়া সেখানে বালুর বস্তা ডাম্পিং করলেও তা অপ্রতুল। তাই এলাকাবাসী আশঙ্কা করছেন যেকোনো সময় ২০১৮ সালের ন্যায় মহিপুর-কাকিনা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গঙ্গাচড়া উপজেলা প্রকৌশলী এজেডএম আহসান উল্লাহ ভাঙ্গনের কথা স্বীকার করে বলেন,  সড়কের ভাঙ্গন রোধে আপাতত বালুর বস্তা ডাম্পিং করা হচ্ছে।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জাকারিয়া আলম বলেন, যেহেতু সেতু ও রাস্তা এলজিইডি করেছে, তাই ভাঙ্গনের কাজও তারা করবে। 

ইত্তেফাক/জেডএইচ