লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নে এক ব্যক্তিকে রশি দিয়ে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ব্যক্তির নাম মোস্তফা আলী (৩৬)। তিনি উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সর্দারপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে। তিনি পেশায় রং মিস্ত্রি।
এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় পাটগ্রাম থানা পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। গত শনিবার (৩ অক্টোবর) সকালে ওই ব্যক্তিকে গাছে বেঁধে নির্যাতন করা হয় এবং তার সঙ্গে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন হাতিয়ে নেয় অভিযুক্তরা।
থানা পুলিশ ও এজাহার সূত্র জানা গেছে, উপজেলার পাটগ্রাম ইউনিয়নের সর্দারপাড়া প্রাণকৃষ্ণ এলাকার আব্দুল গফুরের ছেলে মোস্তফা আলী রং মিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করেন এবং বাড়িতে গরু পালন করে আসছেন। প্রায় ৮ বছর ধরে মোস্তফা আলীর গাভীর দুধ দোহাইয়া নিয়মিতভাবে ক্রয় করে একই এলাকার আব্দুল খালেকের ছেলে হামিদুল ইসলাম (৪৫)। প্রায় ৬ মাস পূর্বে মোস্তফা আলীর বড় ছেলে মোয়াজ আলী (১৩) অসুস্থ হলে তিনি পার্শ্ববর্তী থানা কালীগঞ্জ এলাকা থেকে একজন কবিরাজ নিয়ে এসে চিকিৎসা করেন। সেই সূত্র ধরে অভিযুক্ত হামিদুল ও তার স্ত্রী তাছলিমা বেগমের মধ্যে সাংসারিক বিরোধের কারণে উক্ত কবিরাজের নিকট চিকিৎসা গ্রহণ করে। চিকিৎসা গ্রহণকালে তাদের ১২ হাজার টাকা খরচ হয়। কবিরাজের চিকিৎসা গ্রহণের পরও স্বামী-স্ত্রীর মধ্যে সাংসারিক বিরোধের বিষয় সমাধান না হওয়ায় তারা মোস্তফা আলীকে দোষারোপ ও গালিগালাজ করে এবং তাদের কবিরাজি চিকিৎসা খরচ ১২ হাজার টাকা ফেরত চায়। ফলে তাদের মোস্তফা আলীর সাথে বিরোধ সৃষ্টি হয়। গত শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার সময় মোস্তফা আলী নিজ বাড়ি থেকে রং ক্রয় করার জন্য ৫০ হাজার টাকা নিয়ে রংপুরের উদ্দেশ্যে রওনা করে জগতবেড় ইউনিয়নের ডাকুয়াপাড়া এলাকায় পৌঁছালে একই এলাকার হামিদুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী তাছলিমা বেগম (৩২), মেয়ে হাওয়া খাতুন (১৫), আব্দুল খালেক , নুরুল হক (৬০), মোস্তফা (৪২) ও ফাতেমা বেগম (৫০) সকলে মিলে দলবদ্ধ হয়ে মোস্তফা আলীর পথরোধ ও আটক করে তার নিকট ১২ হাজার টাকা দাবি করে। তিনি অস্বীকার করলে তাকে এলোপাথাড়িভাবে মারপিট করে এবং তার সঙ্গে থাকা ৫০ হাজার টাকা ও ১ টি মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর আব্দুল খালেকের কাঁঠাল গাছের সাথে মধ্যযুগীয় কায়দায় রশি দিয়ে বেঁধে মারপিট করে। অনেকে গাছের সাথে মধ্যযুগীয় কায়দায় রশি দিয়ে বেঁধে নির্যাতনের সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। এ ঘটনায় ওই দিনই নির্যাতনের শিকার মোস্তফা আলীর স্ত্রী মহসেনা বেগম পাটগ্রাম থানায় মামলা করেন। শনিবার রাতে পাটগ্রাম থানা পুলিশ অভিযুক্ত হামিদুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী তাছলিমা বেগম (৩৫), আব্দুল খালেক ও ফাতেমা বেগমকে আটক করে।
আরও পড়ুন: সাত মুক্তিযোদ্ধার স্বপ্ন অধরাই রয়ে গেছে
এ বিষয়ে নির্যাতনের শিকার মোস্তফা আলী বলেন, ‘প্রায় ৬ মাস আগে আমার ছেলে অসুস্থ হলে আমি পার্শ্ববর্তী থানা কালীগঞ্জ এলাকা থেকে একজন কবিরাজ নিয়ে এসে চিকিৎসা করি। হামিদুল ও তার স্ত্রী তাছলিমা বেগমের মাঝে সাংসারিক বিরোধ থাকার কারণে উক্ত কবিরাজের নিকট চিকিৎসা গ্রহণ করে। চিকিৎসা গ্রহণকালে তাদের ১২ হাজার টাকা খরচ হয়। চিকিৎসায় তাদের কাজ না হওয়ায় তারা বিভিন্ন সময় আমার কাছে ওই টাকা ফেরত চায়। আমি টাকা দিতে অস্বীকার করলে তারা আমাকে গাছে বেঁধে নির্যাতন করে।’
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ‘গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় নির্যাতনের শিকার মোস্তফা আলীর স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করে। তাদের রবিবার লালমনিরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’
ইত্তেফাক/এএএম