দেহের সুস্থতায় আমলকি

আমলকিতে প্রচুর ভিটামিন ‘সি’ থাকে। পুষ্টিবিজ্ঞানীদের মতে, আমলকিতে পেয়ারা ও কাগজি লেবুর চেয়ে ৩ গুণ ও ১০ গুণ বেশি ভিটামিন ‘সি’ রয়েছে। দামে সস্তা অথচ পুষ্টিগুণে ভরা ছোট আকারের এ ফলটিতে রয়েছে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়াও রক্তের চিনির মাত্রাও কমাতে সাহায্য করে। এবার জেনে নিন আমলকির কিছু ওষুধি গুণের কথা—

রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তুলে :ভিটামিন ‘সি’ সমৃদ্ধ আমলকিতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান রয়েছে। যা বিভিন্ন রোগ সারানো ছাড়াও রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তুলতে বড় ভূমিকা রাখে।

ডায়াবেটিস প্রতিরোধে :নিয়মিত আমলকি সেবনের ফলে ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে। যা ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে এবং কোলেস্টেরল লেভেল কম রাখতে সাহায্য করে।

হজমে সাহায্য করে :আমলকি গুঁড়ার সঙ্গে সামান্য মধু ও মাখন মিশিয়ে খাওয়ার আগে খেলে হজমশক্তি ও  খিদে বাড়বে। আবার এক গ্লাস দুধ বা জলের মধ্যে আমলকি গুঁড়া ও সামান্য চিনি মিশিয়ে দিনে দু’বার খেতে পারেন। এই মিশ্রণটি অ্যাসিডিটির সমস্যা কম রাখতে সাহায্য করবে। আমলকিতে সামান্য লবণ, লেবুর রস মাখিয়ে রোদে শুকিয়ে রেখেও খেতে পারেন।

চোখের সুস্থতা বাড়ায় :চোখের সুস্থতা বাড়াতে আমলকির জুস খুবই উপকারী। বিশেষ করে আমলকির জুস দৃষ্টিশক্তি প্রখর রাখার জন্য বেশ উপকারি এবং চোখের ছানি প্রতিরোধে সাহায্য করে। এছাড়া এ্যাজমায়ও আমলকির জুস বেশ উপকারি।

চুলের যত্নে আমলকি :আমলকিতে রয়েছে ভিটামিন ‘সি’ ও অ্যামিনো অ্যাসিড, যা চুল পড়া কমানোর পাশাপাশি বাড়ায় চুলের বৃদ্ধি। খুশকি দূর করতেও এর জুড়ি নেই। অকালপক্কতা দূর করে নতুন চুল গজাতে আমলকি বেশ কার্যকর। এক্ষেত্রে আধা কাপ আমলকির পাউডারের সঙ্গে ১ কাপ পানি ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে একঘণ্টা রেখে দিন। তারপর চুল শ্যাম্পু করে দ্রবণটি দিয়ে ধুয়ে নিন। ৫ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে আপনার চুল পড়া বন্ধ হবে। খুশকি দূর করতে ১ টেবিল চামচ আমলা পাউডার, ১ টেবিল চামচ টক দই, ১০ ফোটা সরিষার তেল ও ১ চা চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। এবার ভালোভাবে পেস্ট তৈরি করে ব্রাশের সাহায্যে ভেজা চুলে লাগাতে হবে। ৫ মিনিট মেসেজ শেষে ৩০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল। টানা কয়েকদিন ব্যবহারে খুশকি দূর হয়। চুলের উজ্জ্বলতা বাড়াতে ১ টেবিল চামচ আমলকির পাউডারের সঙ্গে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। এবার পেস্টটুকু ভেজা চুলে ম্যাসাজ করে ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এতে আপনার চুল হয়ে ওঠবে ঝলমলে।

ঘুমের সমস্যা কমায় :যাদের রাতে ভালো ঘুম হয় না তাদের জন্য আমলকি এক মহৌষধ। কাঁচা বা শুকনো আমলকি ভালো করে পিষে কাঁচা দুধে একটু মাখনসহ মাথার তালুতে লাগালে ঘুম যে কখন এলো টেরই পাবেন না। চোখ-ওঠা রোগে ২টি শুকনো আমলকি আধা কাপ পানিতে ভিজিয়ে রেখে পরদিন সকালে পানিটা ছেঁকে দু’তিন ফোটা চোখে দিতে হবে।