কষ্টেই রান করছেন ইমরুল

বৃষ্টির পর আবার খেলা শুরু হলো। আল আমিন হোসেনের প্রথম বলটাতেই চোখ জুড়ানো এক কাভার ড্রাইভে চার মারলেন ইমরুল কায়েস। এমন একটা শটের পর মনে হতেই পারে, দিনটা তার।

না, দিনটা পুরোপুরি নিজের করে নিতে যা করতে হয়, সেরকম বড় ইনিংস খেলতে পারেননি ইমরুল কায়েস। বাংলাদেশ ক্রিকেটারদের দ্বিতীয় অনুশীলন ম্যাচে গিবসন একাদশের হয়ে খেলতে নেমে আউট হয়ে গেছেন ৫৯ রান করে। তার আগে রায়ান কুক একাদশের বোলারদের নিখাদ ফাস্ট ডেলিভারিতে কখনো কখনো সংগ্রামও করতে হয়েছে। তারপরও এই অনুশীলন ম্যাচের ভেতর দিয়ে নিজেকে ফিরে পেয়েছেন বলা যায়।

ইমরুল কায়েস দিনশেষে বলছিলেন, অনুশীলন ম্যাচ হলেও অনেক কষ্ট করেই রান করতে হয়েছে। ব্যাটিং নিয়ে এই ওপেনার বলছিলেন, ‘সাধারণত যেটা হয় এরকম একটা গ্যাপের পরে প্রত্যেকটা প্লেয়ারই প্রথম এক দুইটা ম্যাচ একটু নার্ভাস থাকে। কিন্তু আমার মনে হয় সবাই নিজের কাজটা প্রোপারলি করেছে আমাদের এই গ্যাপে।’

তিনি আরো বলেন, ‘এই ম্যাচে প্রত্যেকটা প্লেয়ারই সিরিয়াস হয়েছে, যেটা আমাদের ক্রিকেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ জিনিস। ব্যাটসম্যানরাও চেষ্টা করেছে উইকেটে থেকে রান করার। সহজে রান করতে পারেনি, বোলাররা সহজে রান করতে দেয়নি, কষ্ট করেই রান করতে হয়েছে।’

নিজেদের মধ্যে খেলে হলেও মাঠে ফেরার এই পর্বটাকে ইমরুল খুব গুরুত্বের সঙ্গেই দেখছেন, ‘অনেকদিন পর খেলা শুরু হয়েছে। এটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় স্বস্তির বিষয়। খেলোয়াড় হিসেবে বাসায় বসে থাকাটা সবচেয়ে কষ্টের বিষয়। বিসিবিকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য।’