রিয়ালের জয়ের রাতে বার্সার হোঁচট

রিয়াল মাদ্রিদ লেভান্তেকে ২-০ ব্যবধানে হারিয়ে লা লিগায় টানা তৃতীয় জয় তুলে নিয়েছে। তবে বার্সেলোনা একই রাতে সেভিয়ার কাছে পেয়েছে মৌসুমের প্রথম ড্রয়ের বিস্বাদ।

প্রতিপক্ষের মাঠে রিয়াল মাদ্রিদকে ১৬ মিনিটেই এগিয়ে দিয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। চলতি মৌসুমে যা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের টানা দ্বিতীয় ম্যাচে গোল। এরপর ম্যাচের অন্তিম সময়ে কারিম বেনজেমার গোলে জয় নিশ্চিত করে জিদানের শিষ্যরা। তবে নিজেদের মাঠে বার্সা পিছিয়েই পড়েছিল। ৮ মিনিটে সেভিয়া ফরোয়ার্ড লুক ডি ইয়ংয়ের গোলের জবাব মিনিট দুয়েক পরই দেন ফেলিপে কোটিনহো। ম্যাচের বাকি অংশে গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে। ম্যাচের প্রতিক্রিয়ায় বার্সা কোচ রোনাল্ড কোম্যানের একরাশ প্রশংসাই পেয়েছে সেভিয়া। ডাচ কোচের কথা, ‘কঠিন এক ম্যাচ ছিল। তারা আমাদের দারুণ চাপে রেখেছে। আমাদের সমস্যাটা ছিল, বল পায়ে নিজেদের ইচ্ছেমতো খেলতে পারিনি আমরা। কারণ, প্রতিপক্ষ ভালো ফুটবল খেলেছে, ভালো প্রেস করেছে আর শারীরিকভাবেও তারা আমাদের চেয়ে শক্তিশালী। তারা শীর্ষ পর্যায়ের দল।’ পারফরম্যান্সে সন্তুষ্টিও প্রকাশ করেছেন কোম্যান। বলেছেন, ‘আমি মনে করি, আমরা ভালোই খেলেছি। কিন্তু দ্বিতীয়ার্ধ্বে বল হারিয়েছি, এ কারণে ছন্দ পাওয়াটা কঠিন ছিল। দলের পারফরম্যান্সে খুশি। দল ক্লান্ত ছিল, কিন্তু শেষ পর্যন্ত লড়েছি আমরা।’