ফরাসি ওপেন

শেষ আটে সিটসিপাস, রুবলেভ

ফরাসি ওপেনের শেষ আটে উঠে গেছেন গ্রিক খেলোয়াড় স্টেফানোস সিটসিপাস ও রাশান আন্দ্রেই রুবলেভ। নারী এককের শেষ ষোলর লড়াই জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন পেত্রা কভিতোভা ও লরা সিগমুন্ড।

বুলগেরিয়ান খেলোয়াড় গ্রিগর দিমিত্রভের বিপক্ষে সিটসিপাস সরাসরি সেটে জিতলেও দ্বিতীয় সেটে দারুণ প্রতিদ্বন্দ্বিতার মুখেই পড়েন। টাইব্রেকারে গড়ায় সেটটি। ৬-৩, ৭-৬, ৬-২ গেমে জিতে শেষ আটে পা রাখেন সিটসিপাস। এদিকে রুবলেভ হাঙ্গেরিয়ান মার্টন ফুচসোভিচের বিপক্ষে প্রথম সেটে হেরেও ৬-৭, ৭-৫, ৬-৪, ৭-৬ গেমে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন। নারী এককের চতুর্থ রাউন্ডের ম্যাচে কভিতোভা চীনা প্রতিপক্ষ ঝ্যাঙ সুয়াইকে ৬-২, ৬-৪ গেমে হারান। দিনের অন্য ম্যাচে সিগমুন্ড স্প্যানিশ পাওলা বাদোসাকে ৭-৫, ৬-৪ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যান। শিরোপা প্রত্যাশী রাফায়েল নাদাল আজ সন্ধ্যায় ইতালিয়ান প্রতিপক্ষ ইয়ানিক সিনারের শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হবেন।