শিবালয়ে অজ্ঞান পার্টির পাঁচ সদস্য গ্রেফতার

মানিকগঞ্জের শিবালয়ে অজ্ঞান পার্টির পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন —ঘিওর উপজেলার রাজ্জাক চৌধুরী, তার সহোদর ফারুক চৌধুরী, রাজবাড়ী সদর থানার সাগর, টাঙ্গাইল নাগরপুর উপজেলার আনিসুর রহমান ও পটুয়াখালীর দুমকি উপজেলার শহিদুল ইসলাম। গতকাল সোমবার দুপুরে এদের আদালতে প্রেরণ করা হয়েছে। সম্প্রতি এ চক্র স্থানীয় আতোয়ার নামের এক ব্যবসায়ীর আড়াই লাখ টাকা লুটে নিলে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের আটক করে পুলিশ।

শিবালয় থানা পুলিশ জানায়, গত ১৪ সেপ্টেম্বর আতোয়ার নামের এক ব্যবসায়ী আড়াই লাখ টাকা নিয়ে উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড থেকে লাক্সারি বাসে মানিকগঞ্জ যাচ্ছিলেন। পথে দুষ্কৃতকারীদের একজন ঐ গাড়িতে হকার সেজে তাকে ব্যথার ওষুধ খাওয়ালে তিনি অচেতন হয়ে পড়েন। সুযোগ বুঝে দুষ্কৃতকারীরা তার সর্বস্ব লুটে সটকে পড়ে। এ বিষয়ে উক্ত ব্যবসায়ী শিবালয় থানায় লিখিত অভিযোগ করেন।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে শিবালয় থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিষ কুমার স্যানাল ও এসআই রুবেল সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টির সদস্যদের গ্রেফতার করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির জানান, মলম বা অজ্ঞান পার্টির এ চক্র দীর্ঘদিন যাবত্ ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন যানবাহনের যাত্রীদের সর্বস্ব লুটেছে। অবশেষে পুলিশের জালে এরা ধরা পড়ল।