একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশের স্বনামধন্য চিত্রশিল্পী মনসুর উল করিম (৭০) আর নেই। গতকাল সোমবার তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তিনি দীর্ঘ ৪০ বছর অধ্যাপনা করেছেন। জন্ম রাজবাড়ী জেলায় হলেও তিনি ছিলেন চট্টগ্রামের প্রধান সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য অত্মীয়স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে দেশের শিল্পী ও শিল্পানুরাগীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
মনসুর উল করিম সত্তরের দশক থেকে দেশের শিল্পচর্চায় অবদান রেখে আসছিলেন। চিত্রশিল্পের ধ্যানী এক কবি ছিলেন তিনি। রঙ আর রেখার আঁচড়ে ক্যানভাসে জীবনকেই খুঁজেছেন তিনি। প্রান্তিক পর্যায়ের প্রতিভাবান শিল্পীদের গড়ে তুলতে তিনি রাজবাড়ীতে প্রতিষ্ঠা করেন ‘বুনন আর্ট স্পেস’। শুধু ছবি আঁকাই নয় মনসুর উল করিম নিভৃতে কাব্য চর্চাও করতেন। তার সেসব কবিতা নিয়ে বইও প্রকাশিত হয়েছে।
চিত্রশিল্পীর ছেলে মাশরুর উল করিম জানান, তার বাবা দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন। গতকালই তার মরদেহ নিয়ে যাওয়া হয় রাজবাড়ী। রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাদ এশা নামাজে জানাজা শেষে মনসুর উল করিমের গড়ে তোলা ‘বুনন আর্ট স্পেস’ শিল্প-প্রাঙ্গণে তার দাফন অনুষ্ঠিত হয়।