সম্প্রতি চতুর্থ দফা বন্যার ভাঙ্গামোড় ইউনিয়নের রাঙ্গামাটি থেকে ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদে যাতায়াতের একমাত্র সড়কটির প্রায় ৫০ ফুট অংশ ভেঙে যায়। এতে ভোগান্তিতে পড়েন কয়েকটি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ। সড়কটি সংস্কার না হওয়ায় রাঙ্গামাটি এলাকার যুবকরা রোববার ও সোমবার দুই দিনে স্বেচ্ছাশ্রমে ভাঙাস্থানে বাঁশের সাঁকো তৈরি করেন। সরেজমিনে দেখা গেছে—সোমবার স্থানীয়রা ঐ সাঁকো দিয়ে চলাচল করছে। ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুত্ফর রহমান বাবু জানান, বরাদ্দ এলে সবার আগে এ সড়কটি সংস্কার করা হবে। এলজিইডির উপজেলা প্রকৌশলী আসিফ ইকবাল রাজিব জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে।