কালাই পৌরসভার উপনির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী তৌফিকুল ইসলাম বেলাল তালুকদারের পথসভায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে কালাই পৌরসভার কাজীপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। এ সময় পরপর দুটি ককটেলের বিস্ফোরণে কর্মী আব্দুল লতিফ আহত হন।
উপজেলার মাত্রাই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ বলেন, প্রতিদিনের মতো কালাই পৌরসভার উপনির্বাচনে নৌকা মার্কা পথসভায় অংশগ্রহণ করি। রবিবার রাতে আমরা কাজীপাড়া মহল্লায় নৌকা মার্কার প্রার্থী বেলাল তালুকদারের নির্বাচনি পথসভা শেষে খাবার প্রস্তুতির সময় বিদ্যুতের সংযোগ বন্ধ হওয়া মাত্রই কে বা কারা আমার সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে আমার পায়ে আঘাত লাগে।
কালাই থানার অফিসার ইনচার্জ সেলিম মালি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত দুটি ককটেলের খোসা এবং টেপ প্যাঁচানো দুটি তাজা ককটেল উদ্ধার করে। এই বিষয়ে অভিযোগ পাওয়া যায়নি, পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।