সংবাদ সংক্ষেপ

ভিটেমাটি রক্ষার দাবিতে মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মরিচার চর এলাকার ২৪০টি পরিবার ভিটেমাটি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে। সোমবার ময়মনসিংহ বিভাগীয় কমিশনার অফিসের সামনে জনমানুষের অধিকার আদায় সংগঠন জনউদ্যোগের আয়োজনে মরিচার চর এলাকার ২৪০টি পরিবারের সমন্বয়ে এ মানববন্ধন হয়। জনউদ্যোগের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন পরিবেশ উন্নয়ন আন্দোলন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, আব্দুল মোতালেব লাল প্রমুখ।

মা-ইলিশ রক্ষায় টাস্কফোর্স কমিটির প্রস্তুতি সভা

বাকেরগঞ্জে (বরিশাল) সংবাদদাতা বাকেরগঞ্জে মা-ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা মত্স্য কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম উজ্জল, উপজেলা মত্স্য কর্মকর্তা ও টাস্কফোর্স কমিটির সদস্য সচিব রাকিব হাসান প্রমুখ।

প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা কচুয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোহাম্মদ সোফায়েল হোসেন।

বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতনের প্রতিবাদ

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে সোমবার মোরেলগঞ্জে মানববন্ধন করা হয়েছে। ‘মানব কল্যাণে আমরা’ নামের একটি সামাজিক সংগঠনের আয়োজনে শিক্ষার্থীরা প্রথমে উপজেলা চত্বরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও পরে মোরেলগঞ্জ প্রেসক্লাবের সামনেসহ বিভিন্ন স্থানে এ মানববন্ধন করে।

যবিপ্রবিতে দ্বিতীয় বৈদ্যুতিক সাব-স্টেশন উদ্বোধন

যশোর অফিস যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬০০ কেভিএ ক্ষমতাসম্পন্ন একটি বৈদ্যুতিক সাব-স্টেশন উদ্বোধন করা হয়েছে। সোমবার যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন দ্বিতীয় এই বৈদ্যুতিক সাব-স্টেশন উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ে ৮০০ কেভিএ ক্ষমতাসম্পন্ন আরেকটি বৈদ্যুতিক সাব-স্টেশনও রয়েছে।

বিশ্ব শিক্ষক দিবস পালিত

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা ঘাটাইলে যথাযোগ্য মর্যাদায় সোমবার বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এদিন বাংলাদেশ শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার উদ্যোগে মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের দাবিতে সমিতির কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বাশিস ঘাটাইল শাখার সভাপতি খন্দকার তাহাজ্জত হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন সহসভাপতি বাবুল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান প্রমুখ।

তালের বীজ রোপণ কর্মসূচি

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা মুজিববর্ষ উপলক্ষ্যে ফুলবাড়ীতে সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে তালের বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। উপজেলার সাতটি ইউনিয়নে ১ হাজার ১৬টি তালের বীজ রোপণ করা হবে। উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের আম্রবাড়ী গ্রামে আয়োজিত তালের বীজ রোপণ কর্মসূচিতে ভার্চুয়ালে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা প্রশাসক মাহামুদুল আলম। এতে ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা।

বাল্যবিবাহ ও মাদকবিরোধী ক্যাম্পেইন

মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরে গতকাল সোমবার বাল্যবিবাহ, উত্ত্যক্তকরণ ও মাদকবিরোধী সচেতনতাবিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর ও সদর উপজেলা পরিষদের আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস। আছমত আলী খান মিলনায়তনে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।