শেবাচিম হাসপাতালে অভিযানে ৭ দালাল আটক

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) অভিযান চালিয়ে রোগী ধরার দালাল চক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমানের নির্দেশ ক্রমে অভিযান পরিচালন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা। অভিযানে সহায়তা করেন বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (ডিবি) শাখার সহকারী কমিশনার নরেশ চন্দ্র কর্মকারের নেতৃতে ডিবি পুলিশের একটি দল।

অভিযানে নাদিম (৪০), সনিয়া (২৪), তানজিলা (১৮), আসমা (৩২), মনিরুল ইসলাম (৩০), জহিরুল হক খান (৩০) ও বাবুল খানকে (৩৫) আটক করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা জানান, আটককৃতরা শের-ই-বাংলা মেডিকেলে ডাক্তার দেখাতে আসা গ্রামাঞ্চলের সহজ-সরল রোগীদের ভুল বুঝিয়ে মানহীন বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। সেখানে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার নামে তাদের অর্থ হাতিয়ে নেয় তারা। এর ফলে তারা সু-চিকিৎসা থেকে বঞ্চিত হয় এবং আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে চলে আসছে এই প্রতারণা। গোয়েন্দা পুলিশের সহায়তায় গতকাল সকালে শেবাচিম হাসপাতালে অভিযান চালিয়ে ৭ জন রোগীর দালাল আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অপরাধ বিবেচনায় তাদের মধ্যে ৫ জনকে ১ মাস করে এবং অপর ২ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, জন স্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইত্তেফাক/এমআর