কাজে মন দিলেন কঙ্গনা

করোনাকালে গোটা লকডাউন মানালির বাড়িতেই পরিবারের সঙ্গে ছিলেন। মাঝে মুম্বাই গিয়েছিলেন কিন্তু শিবসেনার সঙ্গে নানা অশান্তিতে ফিরতে হয়েছে মানালির বাড়িতে। গোটা লকডাউনে কাজ করার ছিল না। ইন্ডাস্ট্রি একেবারে বন্ধ। তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে কাজের অভাব হয়নি কঙ্গনা রানাওয়াতের। সুশান্ত মৃত্যুর কারণ থেকে নেপোটিজম, শিবসেনার সঙ্গে অশান্তি থেকে অনুষ্কা শর্মা-সানি গাভাস্কারের ট্যুইট-দ্বন্দ্ব। সবেতেই মন্তব্য করেই গিয়েছেন তিনি। অবশেষে সোমবার নিজের কাজে মন দিলেন।

কঙ্গনার তামিলভূমের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিকের কাজ করছেন। জয়ললিতার ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে। ছবির নাম থালাইভি। সোমবার সেই ছবির শ্যুটিং সেট থেকেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে তাকে পরিচালক এএল বিজয়ের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। 

ছবি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, ‘শুভ সকাল বন্ধুরা। এই ছবিগুলো কাল ভোরবেলার শ্যুটিংয়ের। অসাধারণ বুদ্ধিমান পরিচালক এএল বিজয়জির সঙ্গে কথোপকথনের দৃশ্য। পৃথিবীতে অনেক সুন্দর জায়গা আছে, তবে আমার সবচেয়ে পছন্দের শ্যুটিং সেট'। হ্যাশট্যাগে রেখেছেন থালাইভি।

এএল বিজয়ের পরিচালনায় থালাইভির চিত্রনাট্য লিখেছেন কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। ছবিতে কঙ্গনা রানাওয়াতকে দেখা যাবে জয়ললিতার চরিত্রে। এছাড়াও অরবিন্দ স্বামী রয়েছেন এমজিআরের ভূমিকায়। ফের একবার কঙ্গনার ছবিতে যিশু সেনগুপ্তকে দেখা যাবে, তাকে দেখা যাবে শোভন বাবুর চরিত্রে। মাধো এবং পূর্ণাকে যথাক্রমে রামচন্দ্র ও শশীকলা নটরাজনের চরিত্রে পর্দায় আসতে চলেছেন। হিন্দি, তামিল ও তেলুগুতে মুক্তি পাবে এই ছবি।

ইত্তেফাক/বিএএফ