বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন : ইউপি সদস্যসহ গ্রেফতার আরও ২

বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৫) বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে একজন দায়েরকৃত মামলার ৫ নম্বর আসামি মো. সাজু (২১) এবং  অন্যজন ওই ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের  সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোয়াজ্জেম হোসেন সোহাগ (৪৮)।

পলাতক আসামি সাজুকে সোমবার রাত  দেড়টার দিকে ঢাকার শাহবাগ এলাকা থেকে জেলা পুলিশের একটি দল  গ্রেফতার করে। এর আগে মোয়াজ্জেমকে রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় জয় কৃষ্ণপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

 গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলার পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন,  নির্যাতনের শিকার ওই নারীর আদালতে দেয়া ২২ ধারার জবানবন্দিতে মোয়াজ্জেম হোসেনকে অভিযুক্ত  করেন। জবানবন্দিতে নির্যাতনের শিকার ওই নারী অভিযোগ করেন, তাকে নির্যাতনের  ঘটার ৭/৮দন পর তিনি ওই ইউপি সদস্য  মোয়াজ্জেমের বাড়িতে গিয়ে  ঘটনাটি জানান। কিন্ত তিনি তাকে কোন সহযোগীতা  না করে  বরং  ঘটনাটি চেপে যেতে বলেন।
এ  ঘটনায় জেলা ও ঢাকা  থেকে  এ পর্যন্ত  মামলার এজাহারভুক্ত  ৪ জন আসামিসহ  ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।  তার মধ্যে জেলা পুলিশ মামলার ২নম্বর আসামি আবদুর রহিম , ৫ নম্বর আসামি মো. সাজু , ও    ৯ নম্বর আসামি রহমত উল্লাহ  এবং   ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার   করে। অন্য  ২ জন মামলার ১নম্বর আসামি নূর হোসেন বাদল ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়াকে অস্ত্রসহ রবিবার  রাতে  ঢাকার কামরাঙ্গীর চর ও নারায়ণগঞ্জ  এলাকা  থেকে  গ্রেফতার করে র‌্যাব ।  এ দুইজনের মধ্যে  সোমবার রাতে  র‌্যাব  মামলার ১ নম্বর আসামি নূর হোসেন বাদলকে বেগমগঞ্জ থানায়  হস্তান্ত করে। মামলার প্রধান আসামি বাদল ও সোমবার রাতে গ্রেফতারকৃত সাজু   এবং ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেনকে আজ  বিকালে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলে জানাযায়। 

ইত্তেফাক/এএম