নারীকে বিবস্ত্র করে নির্যাতন: অস্ত্র মামলায় দেলোয়ার রিমান্ডে

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ভাইরালের ঘটনার মূলহোতা দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেনকে অস্ত্র মামলায় রিমান্ডে নিয়েছে নারায়ণগঞ্জের পুলিশ। 

মঙ্গলবার বিকাল ৪টায় দেলোয়ারকে তিনদিনের রিমান্ডের আবেদন করে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দেলোয়ারকে আদালতে হাজির করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। 

নারায়ণগঞ্জ জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট ওয়াজেদ আলী খোকন বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, এটি একটি চাঞ্চল্যকর মামলা। এই মামলাটি যাতে দ্রুত বিচার সম্পন্ন হয় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত রবিবার দিনগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলিসহ দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে র‌্যাব-১১। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে।

পরে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি দল সোমবার সন্ধ্যায় বেগমগঞ্জে দেলোয়ারের মাছের খামারে অভিযান চালিয়ে সাতটি তাজা ককটেল ও বন্দুকের দুইটি কার্তুজ উদ্ধার করে। বিস্ফোরক ও গুলি উদ্ধার ঘটনায় দেলোয়ারের রিরুদ্ধে বেগমগঞ্জ থানায় পৃথক আরেকটি মামলা দায়ের করেছে র‌্যাব।

ইত্তেফাক/জেডএইচ