রাজশাহীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজশাহীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দমকল কর্মীরা রাজশাহী কাটাখলি থানার বেলঘড়িয়া দেওয়ানপাড়া গ্রামের একটি পুকুর থেকে তাদের উদ্ধার করে।

মৃত দুই শিশুরা হচ্ছে- আরমিন আক্তার শেলী (১৩) ও তার ভাগ্নি জিসা (৮)। এদের মধ্যে শেলীর বাবার নাম আনিছুর রহমান ও জিসার বাবার নাম জিয়ারুল ইসলাম। তাদের বাড়ি বেলঘরিয়া বাখরাবাদ দক্ষিণপাড়া গ্রামে। জিসা বেলঘড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এবং শেলী বেলঘড়িয়া আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

কাটাখালী থানার ওসি জিল্লুর রহমান জানান, বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে শিশুরা পুকুরে গোসল করতে যায়। পুকুরে নেমে প্রথমে জিসা তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে শেলীও ডুবে যায়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে এক ঘণ্টা পর তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। 

ইত্তেফাক/জেডএইচ