বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা যাচাই করছে তুরস্ক

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগ আরো বাড়ানো এবং নতুন খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করছে তুরস্ক। বিশেষত নতুন বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) চীন, জাপানের মতো বিনিয়োগ নিয়ে আসার ক্ষেত্রে সম্ভাবনা দেখছে দেশটি। এ নিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সঙ্গেও আলোচনা চলছে। গত সোমবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ বাংলাদেশে  নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা উসমান তুরান। এ সময় উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ ইস্যুটি আলোচনায় উঠে আসে। বৈঠকে উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মুনতাকিম আশরাফ। ইত্তেফাককে তিনি বলেন, এলপিজিসহ জ্বালানি খাতে বর্তমানে তুরস্কের বিনিয়োগ রয়েছে। তা আরো কীভাবে বাড়ানো যায়, তা আলোচনা হয়েছে। এছাড়া আমাদের এসইজেডে অন্যান্য দেশের প্রতিষ্ঠানগুলো যে প্রক্রিয়ায় বিনিয়োগ করছে, তারা তা যাচাই করে দেখছে।