শেয়ারবাজার
ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান মূল্যসূচকের বড় পতন হয়েছে। এর মাধ্যমে টানা দুই কার্যদিবস বড় দরপতন হলো। লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৭ পয়েন্ট কমে ৪ হাজার ৯২৮ পয়েন্টে নেমে গেছে। পর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে ১ হাজার ৬৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ১০৯ পয়েন্টে অবস্থান করছে। গতকাল ডিএসইতে অংশ নেওয়া ১১৫ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে কমেছে ১৮৭টি এবং ৫৩টির দাম অপরিবর্তিত রয়েছে।
বাজারে লেনদেন হয়েছে ১ হাজার ৬৭ কোটি ৭২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯৬৫ কোটি ৩৫ লাখ টাকা। সে হিসেবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১০২ কোটি ৩৭ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে কন্টিনেন্টাল ইনসিওরেন্সের শেয়ার। কোম্পানিটির ৩৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এক্সপ্রেস ইনসিওরেন্সের লেনদেন হয়েছে ২৯ কোটি ৭২ লাখ টাকার। ২৬ কোটি ২৫ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৫৭ পয়েন্ট। লেনদেন হয়েছে ৩৫ কোটি ৮৮ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৭৯ প্রতিষ্ঠানের মধ্যে ৯৯টির দাম বেড়েছে। কমেছে ১৩২টির এবং ৪৮টির দাম অপরিবর্তিত রয়েছে।