করোনা ভাইরাসে দুই বাংলার একাধিক শিল্পীর আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। তবে একইদিনে দুই বাংলার অন্যতম দুই বর্ষীয়ান অভিনেতা আতাউর রহমান ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা পজিটিভ হওয়ার খবরটি মন খারাপের বার্তা ছড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এর বাইরে কলকাতার চলচ্চিত্র তারকা শ্রীলেখা করোনা আক্রান্তের খবর টুইট করে আবার ডিলিট করে দেন। পাশাপাশি দেশের ব্যস্ততম অভিনেত্রী তানজিন তিশারও করোনা আক্রান্তের খবর পাওয়ায়। জানা গেছে, গত কয়েকদিন ধরেই অসুস্থবোধ করছিলেন ঢাকার সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান। শরীরে করোনার উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করা হয়। ফলাফল পজেটিভ আসে। অন্যদিকে ভারতের প্রায় সব ক’টি গণমাধ্যমে গতকাল খবর এসেছে কলকাতার খ্যাতিমান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় করোনা ভাইরাসে আক্রান্ত। সোমবার পজেটিভ ফলাফল পাওয়ার পর আজ (মঙ্গলবার) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। হাসপাতালের তরফ থেকেও জানানো হয়েছে, সৌমিত্রের করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ। চিকিত্সকরা জানিয়েছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনার রিপোর্ট পজেটিভ হলেও তার অবস্থা আপাতত স্থিতিশীল। তাকে আগামী কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে। পাশাপাশি অভিনেতার চিকিত্সার জন্য একটি মেডিকেল টিমও গঠন করা হয়েছে। বিচ্ছিন্নভাবে তারকা শিল্পীদের এই করোনা পজেটিভ হওয়ার কারণ হিসেবে নতুন করে কাজে যোগ দেওয়াকেই সবাই দায়ী করছেন। তাই দুই বাংলার শিল্পী সংগঠনগুলোতে এর কার্যকরী ব্যবস্থা গ্রহণের উদ্যোগের কথা বলা হচ্ছে।