আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজার উপজেলায় ট্রাকে এসে একটি কৃষি খামারে ঢুকে নৈশ প্রহরীকে বেঁধে মারধর করে ৯টি গরু ডাকাতির ঘটনায় ১০ দিন অতিবাহিত হলেও কোনো আসামি গ্রেফতার কিংবা গরু উদ্ধার হয়নি।
খামারের মালিক আজাদ খান সোহাগ জানান, ডাকাত দল দুই শ্রমিক রফিক ও রিফাতকে হাত-পা বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে ৪০টি গরুর মধ্যে বড় ৯টি ষাঁড় ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায়। যার মূল্য অন্তত ১৫ লাখ।
এ ঘটনায় থানায় মামলা হলেও আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) শওকত হোসেন জানান, ‘আমরা আশা করি, খুব দ্রুত সময়ের মধ্যেই আসামি গ্রেফতার করতে পারব।’
গত ২৬ সেপ্টেম্বর ভোরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের দিঘলদী গ্রামের আজাদ খান সোহাগ ও হাসান আল মামুনের মালিকানাধীন আজাদ অ্যাগ্রো ফার্মে এ ডাকাতির ঘটনা ঘটে।