কিশোরগঞ্জে খুনের মামলায় দুই সহোদরসহ চার জনের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি

করিমগঞ্জে ডাকাতিসহ খুনের মামলায় দুই সহোদরসহ চার জনের মৃত্যুদণ্ড এবং চার জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। সোমবার কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কাশেম ও তার সহোদর নজরুল, লিটন এবং সাত্তার। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন খোকন, সিরাজউদ্দিন ওরফে সিরাজ, কান্তু মিয়া ও সাহেদ।

মামলার বিবরণে প্রকাশ, ২০০৬ সালের ২৩ এপ্রিল গভীর রাতে আসামিরা আ. রহমান আমিনের বাড়িতে ডাকাতির জন্য ঢোকে গৃহকর্তা ও তার স্ত্রী নুরুন্নাহারকে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক আ. রহমান আমিনকে মৃত ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি আবু সাঈদ ইমাম এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট অশোক সরকার।