জয়পুরহাট প্রতিনিধি
ধর্ষণের মিথ্যা মামলা করার দায়ে জয়পুরহাটের বিষ্ণপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী মুন্নুজান বিবিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বিকালে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ ফেব্রুয়ারি আসামি একই গ্রামের মারুফসহ চার জন যুবক বাদীর মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী মাদ্রাসায় যাওয়ার সময় তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এর পর দিন বাদী জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করলে বিচারক পুলিশকে তদন্তের নির্দেশ দেয়। আদালতে আইনজীবীদের পালটাপালটি যুক্তিতর্ক এবং বাদী ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে আসামিদের জব্দ করতেই এমন মিথ্যা মামলা করা হয়েছে। ধর্ষণের এমন মিথ্যা মামলা করায় মুন্নুজানকে পাঁচ বছরের কারাদণ্ড ও একই সঙ্গে মারুফ হোসেনসহ বাকি আসামিদের মামলা থেকে অব্যাহতির আদেশ দেয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। মামলার বাদীর পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট দেলোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।