করোনার কারণে দেশে এসে আটকে পড়া প্রবাসীদের সঠিক পরিসংখ্যান ও তাদের সমস্যা সম্পর্কে জ্ঞাত হওয়ার জন্য গণবিজ্ঞপ্তি দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভিসা, আকামা ও ফ্লাইটের টিকিটসহ বিভিন্ন সমস্যা সমাধানে দেশে অবস্থান করা প্রবাসী কর্মীদের তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জারি করা এই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিদেশ থেকে ছুটি কাটাতে দেশে আসা প্রবাসী কর্মীদের অনেকেই কোভিড-১৯ পরিস্থিতির কারণে সময় মতো গন্তব্য দেশের কর্মস্থলে ফেরত যেতে পারেননি। ইতিমধ্যে অনেক কর্মীর ভিসা, আকামা ও ওয়ার্ক পারমিটের মেয়াদোত্তীর্ণ হয়েছে। তাদের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে বিদেশ ফিরে যেতে ইচ্ছুক কর্মীদের ভিসা/আকামার মেয়াদ বৃদ্ধি এবং ফ্লাইটের সংখ্যা বাড়ানোর বিষয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অদূর ভবিষ্যতে এসব বিষয়ে কার্যকর কূটনৈতিক প্রচেষ্টা চালানো হবে। বিদেশফেরত ও আটকে পড়া কর্মীদের সহযোগিতা প্রদানের লক্ষ্যে ও ভবিষ্যত্ পরিকল্পনা গ্রহণের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ ধরনের সব কর্মীর নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করেছে। এ প্রক্রিয়ায় প্রাপ্ত তথ্য কূটনৈতিক তত্পরতা ও প্রাসঙ্গিক কার্যক্রম গ্রহণে সহায়ক হবে। বিদেশ প্রত্যাবর্তনে ইচ্ছুক এ ধরনের সব কর্মীকে অবিলম্বে বিএমইটির ওয়েবসাইটের নির্দিষ্ট লিংকে (www.old.bmet.gov.bd/BMET/returnMigrant) অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হলো। এ জন্য কোনো প্রকার ফি প্রদান করতে হবে না। এ বিষয়ে প্রয়োজনে নিকটস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে (ডিইএমও) যোগাযোগ করা যেতে পারে। ডিইএমও সংক্রান্ত তথ্যের জন্য বিএমইটির ওয়েবসাইট (www.bmet.gov.bd) ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।