কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণায় পদার্থে নোবেল তিন বিজ্ঞানীর

কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণার জন্য এবারের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন দেশের তিন বিজ্ঞানী। যুক্তরাজ্যের রজার পেনরোস গবেষণা করেছেন কৃষ্ণগহ্বর নিয়ে। নোবেল পুরস্কারের অর্ধেক পাবেন তিনি। বাকি অর্ধেকটা ভাগ করে দেওয়া হবে রেনহার্ড গেঞ্জেল ও আন্দ্রিয়া ঘেজের মধ্যে। তারাই প্রথম পূর্বাভাস দিয়েছিলেন, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো এই ব্রহ্মাণ্ডের কোটি কোটি গ্যালাক্সির প্রতিটিরই কেন্দ্রে রয়েছে একটি করে দৈত্যাকার কৃষ্ণগহ্বর। খবর রয়টার্স ও ডয়চেভেলের         আন্দ্রিয়া পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী চতুর্থ মহিলা। নোবেল ইতিহাসে এর আগে মাত্র তিন মহিলা পেয়েছিলেন পদার্থবিজ্ঞানে এই সেরা পুরস্কার। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রজার পেনরোস দেখিয়েছেন, আপেক্ষিকতার সাধারণ তত্ত্বই কৃষ্ণগহ্বর গঠনে ভূমিকা রেখে চলেছে। মহাকাশবিজ্ঞানে সবচেয়ে অন্ধকারময় দিকটিকে ঘিরে গবেষণা করেছেন ঐ তিন কৃতী। সেই রহস্য উদ্ঘাটনে তিন বিজ্ঞানীর গবেষণা দিগন্তকারী বলে উল্লেখ করেন দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সের সেক্রেটারি জেনারেল গেওরান কো হ্যানসন। নোবেল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে পার্থবিজ্ঞানকে আরো বলিষ্ঠ করতে কৃষ্ণগহ্বরের আবিষ্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ বুধবার প্রকাশিত হবে রসায়নবিজ্ঞানের কৃতীদের নাম। বৃহস্পতিবার সাহিত্য, শুক্রবার শান্তি ও আগামী সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কারের নাম ঘোষণা করা হবে।