ভুয়া করোনা টেস্টের মামলায় রিজেন্ট হাসপাতালের হেলথ টেকনেশিয়ান আহসান হাবীব হাসানকে জামিন দেয়নি হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার জামিন আবেদন খারিজ করে এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ শুনানি করেন।
করোনা পরীক্ষা না করেই জাল সার্টিফিকেট প্রদানের অভিযোগে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদকে প্রধান আসামি করে ১৭ জনের বিরুদ্ধে মামলা করে র্যাব। এই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন আহসান হাবীব। নিম্ন আদালত তার জামিন আবেদন খারিজ করে দিলে তিনি হাইকোর্টে জামিন চান। শুনানি শেষে হাইকোর্ট জামিন আবেদন খারিজ করে দেয়।