বুয়েটের আবরার হত্যা বাদীর জবানবন্দি ও জেরা সম্পন্ন

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বাদী মো. বরকত উল্লাহকে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। গতকাল মঙ্গলবার ২৫ আসামির পক্ষে তাদের আইনজীবীরা তাকে জেরা করেন। সোমবার আবরারের বাবা মামলার বাদী মো. বরকত উল্লাহ এই মামলায় সাক্ষ্য দেন। পরে তাকে জেরা করেন আইনজীবীরা। গতকাল ঐ জেরা শেষ হয়েছে। আজ বুধবার এই মামলার পরবর্তী সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করবেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান।

‘আবরার ফাহাদ ছাত্রশিবিরের রাজনীতিতে যুক্ত ছিলেন, ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলাটি হয়েছে ছাত্রশিবিরের ইন্ধনে-জেরায় আসামিপক্ষের আইনজীবীদের এমন সব প্রশ্নের জবাবে ‘না’ বলেন তিনি।’

এ মামলায় আপনি নিজে বাদী না বুয়েট থেকে মামলা করা হয়—আসামিপক্ষের আইনজীবীর এমন প্রশ্নের প্রতিবাদ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী। এ নিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সঙ্গে আসামিপক্ষের আইনজীবীদের তুমুল বাগিবতণ্ডা হয়। পরে বিচারকের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

গত বছরের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের দ্বিতীয়তলার একটি কক্ষে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয় আবরার ফাহাদকে।