গোপালপুরে তালচারা রোপন অভিযানের উদ্বোধন

বজ্রপাতে প্রাণহানী রোধে গোপালপুর উপজেলার আাঞ্চলিক ও গ্রামীণ সড়কে তালগাছ রোপন জনপ্রিয় হয়ে উঠছে। গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) নলিন-গোপালপুর সড়কের হেমনগরে তালচারা রোপন অভিযানের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস। 

এ সময়ে উপস্থিত ছিলেন- অবসরপ্রাপ জেলা শিক্ষা অফিসার শামসুল আলম খান, প্রেসক্লাবের সম্পাদক সন্তোষ কুমার দত্ত, শাখারিয়া নয়াপাড়া মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জু আনোয়ারা ময়না, দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারি সৈয়দ মোহাম্মদ নাসির প্রমুখ। 

আঞ্জুআনোয়ারা ময়না জানান, প্রতিবছরই গোপালপুরে বজ্রপাতে প্রাণহানির ঘটনা বাড়ছে। বিশেষ করে যারা মাঠে কাজ করেন তারাই বেশি সংখ্যায় প্রাণহানির শিকার হন। তালগাছ বজ্রনিরোধ হিসাবে কাজ করে। তাই বেসরকারি সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের সৌজন্যে এলাকার স্বেচ্ছাসেবীরা প্রতি বছর দুই হাজার করে তালগাছের চারা রোপন এবং তা রক্ষণাবেক্ষন করে আসছেন। 

গোপালপুর থানা পুলিশের রেকর্ডে থেকে দেখা যায় প্রতি বছর এ উপজেলায় বজ্রপাতে ১০ থেকে ১৫ জনের প্রাণহানী ঘটে। ১৫/ ২০টি করে গবাদি পশু প্রাণ হারায়। 

গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস জানান, নানা কারণে বজ্রপাতের পরিমাণ বাড়ছে। বাড়ছে প্রাণহানীও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বজ্রপাতের ক্ষয়ক্ষতি রোধে গ্রামীণ সড়ক বনায়নে তাল গাছকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন। পর্যায়ক্রমে সব ধরনের সড়কে তালগাছ লাগিয়ে বজ্রপাতের ক্ষয়ক্ষতি এড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। গোপালপুর উপজেলা পরিষদ ও সড়ক বনায়নে তাল চারা রোপনের কার্যক্রম চালু রেখেছে বলে জানান তিনি। 

ইত্তেফাক/এসি