মানুষের চাহিদা থাকে বলেই তার ভাগ্যের পরিবর্তন ঘটে : আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, অর্জিত সম্পদ ব্যয় করে জীবনমানের উন্নয়ন সাধন করতে হয়। মানুষের চাহিদা থাকে বলেই তার ভাগ্যের পরিবর্তন ঘটে। তবে আঙুল ফুলে কলাগাছ বনে যাওয়াদের থেকে সাবধান থাকতে হবে। 

 

তিনি গতকাল মঙ্গলবার পিরোজপুর জেলার ভাণ্ডারিয়ায় একাধিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, যারা ঘরের মধ্যে জামায়াত-শিবির লালনপালন করে বাইরের লোকদের রাজাকার বলে তাদের রুখে দিতে হবে। ভাণ্ডারিয়া শান্তিপূর্ণ এলাকা, এখানে বিশৃঙ্খলাকারীদের স্থান হবে না। কেউ যদি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে তা রুখে দেওয়া হবে। আমাদের দিকে কেউ রক্তচক্ষু করে তাকালে তাও প্রতিরোধ করা হবে। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফজরের পর থেকে গভীর রাত পর্যন্ত নিরলস পরিশ্রম করে উন্নয়ন করে যাচ্ছেন। ভাণ্ডারিয়ার উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন সময় প্রশংসা করে থাকেন। কিছু লোক উন্নয়নের টাকা মেরে খাচ্ছে। 

 

তিনি গতকাল বিকালে ভাণ্ডারিয়া উপজেলা জাতীয় যুব সংহতি আয়োজিত রিজার্ভ পুকুর পাড়ের উপজেলা জেপি কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পার্টি জেপির অঙ্গসংগঠন যুব সংহতির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন। তিনি যুব সংহতির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নিয়ে ভালো মানের কাজ করে মানুষের মন জয় করতে হবে। টাকা দিয়ে মানুষের মন জয় করা যায় না। তিনি বলেন, নির্বাচনের এখনো সাড়ে তিন বছর বাকি রয়েছে। এখনই যারা ষড়যন্ত্র করছে তাদের থেকে সাবধান থাকতে হবে। আমরা কোনো যুদ্ধ করতে আসিনি, যুদ্ধ হবে নির্বাচনের সময়। নির্বাচনে বাংলাদেশের মানুষ কখনো ভুল করেনি, আর করবেও না। দেশের শান্তির জন্য আমরা সবসময় সংবিধানের পক্ষে থেকে অস্থিতিশীল পরিবেশ রুখে দিয়েছি। যারা চাল-ডাল-তেল চুরি করে প্রধানমন্ত্রীর উন্নয়নকার্যক্রম লোপাট করছে—তারা কোনো দলের হতে পারে না। 

 

তিনি আরো বলেন, কথা বলতে হবে ইমানের সঙ্গে, বেঈমানদের আল্লাহ পছন্দ করেন না। এলাকায় ৩৬ বছরের রাজনৈতিক জীবনে কখনোই অন্যের ওপর আমাদের মত চাপিয়ে দেইনি। সব সময় আমাদের প্রচেষ্টা ছিল সব মতকে এক করে এলাকার উন্নয়ন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া। পাকিস্তান আমলে বঙ্গবন্ধুর নেতৃত্বে রাজপথে আন্দোলন-সংগ্রাম করে দেশের স্বাধীনতা অর্জনের জন্য আমরা জেল-জুলুমের শিকার হয়েছি। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। ভয় দেখিয়ে আমাদের পিছু হটানো যাবে না। ভাণ্ডারিয়ায় জাতীয় পার্টি-জেপি ও অঙ্গসংগঠনের বিদ্যমান আহ্বায়ক কমিটিগুলোই কাজ করবে এবং বহাল থাকবে। 

 

আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেন, আমরা ঐক্যবদ্ধ ছিলাম বলে ভাণ্ডারিয়াসহ দক্ষিণাঞ্চলের মানুষের কল্যাণে দীর্ঘস্থায়ী উন্নয়ন সাধনে সক্ষম হয়েছি। যারা উন্নয়ন দেখে না তাদের চোখে সমস্যা রয়েছে। ভাণ্ডারিয়ায় যে ঐক্যের রাজনীতির প্রতিফলন ঘটেছে তার ফলে সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিম ভাণ্ডারিয়ায় বসে পিরোজপুর জেলা সদরে ২৫০ শয্যার হাসপাতাল স্থাপনের ঘোষণা দেন। স্থানীয় সরকার মন্ত্রী থাকাকালে খন্দকার মোশাররফ হোসেন এখানে এসে গ্রামীণ জনপদের উন্নয়ন প্রকল্প এবং বিদ্যুত্ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ভাণ্ডারিয়া সাবস্টেশন ও ট্রান্সমিশন লাইন স্থাপনের যে ঘোষণা দিয়েছিলেন তা আজ বাস্তবায়িত। 

 

জাতীয় যুব সংহতি ভাণ্ডারিয়া উপজেলা আহ্বায়ক ও পিরোজপুর জেলা পরিষদ সদস্য মো. রেজাউল হক রেজভী জোমাদ্দারের সভাপতিত্বে উপজেলা জেপির সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদারের উপস্থাপনায় এখানে আরো বক্তব্য রাখেন যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল ও ভাণ্ডারিয়া উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক মো. সালাহউদ্দিন রাহাত জোমাদ্দার। 

 

এ সময় অন্যান্যের মধ্যে মঞ্চে ছিলেন জেপির ভাণ্ডারিয়া উপজেলা আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, জেপির যুগ্ম-আহ্বায়ক ও পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, উপজেলা জেপির যুগ্ম-আহ্বায়কদের মধ্যে নদমুলা ইউপি চেয়ারম্যান সফিকুল কবির বাবুল তালুকদার, গৌরিপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, ইকরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হারেছ ও তানভির হোসেন বাবু তালুকদার, কাওসার হোসেন মালকারসহ জেপি নেতা শহিদুল আলম খোকন সিকদার, শাহরিয়ার হোসেন দুলাল মল্লিক, পৌর জেপির আহ্বায়ক জামাল উদ্দিন মিয়া স্বপন ও সদস্য সচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মো. মনির সরদার, উপজেলা যুব সংহতির সদস্যসচিব মামুনুর রশিদ সরদার, উপজেলা ছাত্র সমাজের সদস্যসচিব অন্তু সরদার, পৌর ছাত্র সমাজের আহ্বায়ক মেহেদি হাসান রাজু ও সদস্যসচিব মাহবুব শরিফ শুভ, জাতীয় মত্স্যজীবী পার্টির সভাপতি মোশারফ হোসেন সরদার, শ্রমিক পার্টির সভাপতি মো. শাজাহান সরদার ও সাধারণ সম্পাদক মো. শাজাহান হাওলাদার প্রমুখ। এছাড়া ভাণ্ডারিয়া, কাউখালী, ইন্দুরকানী উপজেলার জাতীয় পার্টি জেপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। 

 

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি গতকাল দুপুরে ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা এস এম এ খালেক পাইলট বীরপ্রতীক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতায় বলেন, আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম বলে আজ মুক্তিযোদ্ধাদের নামে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। খেলাধুলার পাশাপাশি ভালো পড়ালেখা করতে হবে। উন্নয়নের সঙ্গে সঙ্গে লেখাপড়া ও খেলাধুলার প্রয়োজন রয়েছে। মানুষের চাহিদা বেড়েছে—এটা ভালো দিক। আকাঙ্ক্ষা না থাকলে তাদের কিছুই হয় না। 

 

নতুন প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, মনপ্রাণ দিয়ে খেলাধুলা করে কৃতিত্ব অর্জন করতে হবে। এ অনুষ্ঠানে ভিটাবাড়িয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাদের মুন্সীর সভাপতিত্বে আরো বক্তৃতা করেন ইউনিয়ন জেপির সাধারণ সম্পাদক রেজা আহমেদ দুলাল।

 

মঙ্গলবার দুপুরে আনোয়ার হোসেন মঞ্জু এমপি ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের তিনতলা নবনির্মিত একাডেমি ভবনের শুভ উদ্বোধন করেন। এসময় তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন। এরপর ভিটাবাড়িয়া ইউনিয়নের নূরজাহান হাবিব আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট একাডেমি ভবনের নির্মাণকাজ পরিদর্শন করেন। এরপর ঐ ইউনিয়নের সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা নবনির্মিত একাডেমি ভবনের শুভ উদ্বোধন করেন। এসময় তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন। 

 

গতকাল মঙ্গলবার সকালে পূর্ব ভাণ্ডারিয়ার ‘তাসমিমা ভিলায়’ ভাণ্ডারিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রাপ্ত প্রতিবন্ধী ও দলিত ৩২ শিক্ষার্থীর মধ্যে চেক বিতরণ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হতে সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত ক্রীড়াসামগ্রী উপজেলা ক্রীড়া সংস্থাসহ ৩৬টি কলেজ, স্কুল ও মাদ্রাসা প্রধানদের হাতে তুলে দেওয়া হয়। ভাণ্ডারিয়া ও কাউখালী উপজেলাধীন পল্লি সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচি এলসিএস প্রকল্পের আওতায় ৩০ মহিলাকর্মীর জমানো টাকার চেক বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি। 

 

এসময় বিতরণকাজে অংশ নেন ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম, সমাজসেবা কর্মকর্তা ভবানী শংকর বল, উপজেলা প্রকৌশলী বদরুল উল আলম। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি-জেপির ভাণ্ডারিয়া উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, জেপির যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান প্রমুখ।

 

ইত্তেফাক/ইউবি