পাওনাদারকে টাকা না দিয়ে অপহরণের নাটক সাজাতে গিয়ে নিজেই ফেঁসে গেছেন সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা এলাকার এক গরু ব্যবসায়ী। এ ঘটনায় প্রতারণার অভিযোগে ওই গরু ব্যবসায়ীসহ ৭ প্রতারককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে সাতক্ষীরা সদর থানায় এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান পুলিশ। এর আগে সোমবার রাতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গোপীনাথপুর এলাকার বে-সরকারী উন্নয়ন সংস্থা ঋশিল্পীর সামনে এ অপহরণের নাটক সাজানো হয়।
আটককৃতরা হলেন, তালা উপজেলার নগরঘাটা গ্রামের বাসিন্দা গরু ব্যবসায়ী হাফিজুল ইসলাম, তার ভাই মফিজুল ইসলাম, রবিউল ইসলাম, আত্মীয় আমিনুল, জিয়াউল ইসলাম, ইসমাইল ও ভ্যান চালক কবিরুল ইসলাম।
সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) মীর্জা সালাহ উদ্দীন জানান, তালা উপজেলার নগরঘাটা গ্রামের হাফিজুল ইসলাম তার ব্যবসায়িক কাজের জন্য এক বিজিবি সদস্যের কাছ থেকে ৫৬ হাজার টাকা ধার নেন। ধারের এই টাকা পরিশোধ না করে তিনিসহ তার ভাই মফিজুল, রবিউল, আত্মীয় আমিনুল, জিয়াউল ও ইসমাইল সোমবার রাত ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গোপীনাথপুর এলাকার ঋশিল্পীর সামনে থেকে মাইক্রোবাসযোগে একদল অপহরণকারী অস্ত্রের মুখে ভ্যান চালক কবিরুলের ভ্যান থেকে হাফিজুলকে গরুর বিক্রির এক লাখ টাকাসহ অপহরণ করা হয়েছে মর্মে প্রচার দেন। বিষয়টি মোবাইল ফোনে সদর থানা পুলিশকে জানানো হয়।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গেলে, অপহৃত ব্যক্তি যে ইঞ্জিন ভ্যানে করে এসেছিল তার চালক, তথ্য প্রদানকারী এবং অপহৃত ব্যক্তির আত্মীয়-স্বজনকে পাওয়া যায়। তারা সকলেই অপহরণের ঘটনা বর্ণনা দেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। কিন্তু বিষয়টি সন্দেহজনক হওয়ায় সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর নির্দেশনায় ভ্যান চালককে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে অপহরণের নাটক সাজানোর কথা স্বীকার করে এবং বিস্তারিত তথ্য দেয়। তার তথ্য মতে অপহরণের নাটক সাজানো নায়ক, আত্মগোপনে থাকা অপহৃত ভিকটিম হাফিজুল ইসলামকে আগরদাঁড়ি ইউনিয়নের বাশঘাটা এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, তার এক আত্মীয়ের ৫৬ হাজার টাকা ফেরত না দেয়ার উদ্দেশ্যে, পরস্পর যোগসাজশে, অপহরণের মিথ্যা নাটক সাজিয়ে, পুলিশকে মিথ্যা তথ্য প্রদান করেছে।
তিনি আরো জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উক্ত ৭ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
ইত্তেফাক/এমআর