লক্ষ্মীপুরের রামগতিতে গণধর্ষণের শিকার বিধবা (৩৮) নারীর দায়ের করা মামলার এজাহারভুক্ত আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে নোয়াখালী জেলার সদর উপজেলার চর করমুল্যাহ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের চরকলাকোপা এলাকার মো. মিলনের ছেলে মো. আরিফ (৩০) এবং একই এলাকার ছৈয়দ আহাম্মদের ছেলে মো. আলাউদ্দিন (৪০)। তাদেরকে বুধবার সকালে আদালতে সোপর্দ করেছে বলে পুলিশ জানায়।
পুলিশ জানায়, শনিবার রাতে উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর কলাকোপা এলাকায় নিজ বসতঘরে ওই নারী গণধর্ষণের শিকার হন। পরে তাকে হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় নিজ বসতঘরের পেছন থেকে উদ্ধার করে অচেতন অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে সোমবার বিকেলে রামগতি থানায় দায়ের করা মামলায় পাঁচজনকে অভিযুক্ত করা হয়। অভিযুক্তদের মধ্যে এ পর্যন্ত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, এঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৫জনকে অভিযুক্ত করে রামগতি থানায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত ৪জন গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর আসামিকে ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/এমআরএম