বিগ বাজেটে পূজার গান নিয়ে বিপ্লব সাহা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব দুর্গা পূজার আয়োজন। সব মিলিয়ে এই ঋতুতে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আরাধনায় মেতে ওঠে সকল মানুষ। সেই আনন্দকে আরো বাড়িয়ে দিতে বহু প্রতিভার অধিকারী বাংলাদেশের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার বিশ্বরঙ’র কর্ণধার বিপ্লব সাহা নির্মাণ করেছেন ‘পুজো বাড়ির গান’ শিরোনামে একটি মিউজিক ভিডিও। যেখানে পুজো বাড়ির আনন্দ-উল্লাস, আবেগ অনুভূতি, পরিবারের সব বয়সী মানুষের ধর্মীয় ভাবাবেগ, স্রষ্টার প্রতি আরাধনার বিভিন্ন রূপ প্রকাশ পেয়েছে এক অনন্য শিল্পমাত্রায়। ভিডিওটি ধারণ করায় সহযোগীতা করেছেন ঢাকেশ্বরী মন্দির কর্তৃপক্ষ। গত ৬ অক্টোবর বিশ্বরঙ’র বনশ্রী শাখায় বিশেষ আয়োজনে মিউজিক ভিডিওটি ইউটিউবে মুক্তি পায়। গত ২ অক্টোবর পুজো বাড়ির গানের প্রথম প্রমো ছাড়া হয়েছে, যা দেখে দর্শকরা বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে ব্যাপক উত্সাহ প্রকাশ করেছে। বাংলাদেশে এই প্রথম এত সেলিব্রেটিকে একসঙ্গে করে এত বিগ বাজেটে পুজোর গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। ‘পুজো বাড়ির গান’ মিউজিক ভিডিওটি পরিচালনায় ছিলেন বিপ্লব সাহা। গানের কথা লিখেছেন বিপ্লব সাহা, সুর ও সংগীত উজ্জল সিনহা, প্রোডাকশন কল্পলোক ক্রিয়েটিভ ফ্যাক্টরি।