গত মঙ্গলবার, ৬ অক্টোবর বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিনের সাথে সাক্ষাত করেন। সাক্ষাতকালে বেসিস সভাপতি তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে করণীয় সম্পর্কে বেসিসের সুনির্দিষ্ট প্রস্তাবনাসমূহ তুলে ধরেন। এসময় বেসিস সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ উপস্থিত ছিলেন।
বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর তাঁর বক্তব্যে আন্তর্জাতিক/দাতা-সংস্থার অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পসমূহে স্থানীয় সফটওয়্যার ও সফটওয়্যার পরিষেবা কোম্পানিগুলো যাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ পায়, সে বিষয়টি বিবেচনা করার জোড় দাবি জানান। একইসাথে দাতা ও সহযোগী প্রতিষ্ঠানের সহায়তার জন্য প্রস্তাবিত প্রকল্পসমূহে বাংলাদেশে উত্পাদিত ডিজিটাল ডিভাইস পণ্য, সফটওয়্যার বা আইটি পরিষেবাকে অগ্রাধিকার প্রদান; ক্রয় প্রক্রিয়ায় যোগ্যতার শর্তাবলীতে দেশীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় তথ্যপ্রযুক্তিবিদদের ৬০ শতাংশের অধিক নিয়োগে কারিগরি বিভাগে অগ্রাধিকার প্রদানের জন্য অনুরোধ করেন।
ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন বেসিস সভাপতির বক্তব্য ধৈর্যসহকারে শোনেন এবং বেসিসের প্রস্তাবসমূহকে গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন।