কঠোর অভিবাসন আইন শিথিল করল ইতালি

অবশেষে শিথিল হলো ইতালির বহুল আলোচিত কঠোর অভিবাসন আইন। এখন থেকে অবৈধ অভিবাসী উদ্ধারকারী নৌযানগুলোকে আর মোটা অংকের জরিমানা দিতে হবে না। এছাড়া নিজ দেশে নিপীড়নের ঝুঁকি থাকলে এধরনের অভিবাসীদের ফেরতও পাঠাবে না ইতালি।

গত সোমবার রাতে ইতালির মন্ত্রিসভায় পাস হয়েছে অভিবাসন আইনের এ সংশোধনী। ২০১৮-১৯ সালে মাত্র ১৪ মাসের ক্ষমতাকালে ইতালির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও উগ্র ডানপন্থী নেতা মাত্তিও স্যালভিনি জারি করেছিলেন বিতর্কিত এ আইন। পুরোনো নিয়মে সরকারি আদেশ অমান্য করে অভিবাসী উদ্ধারকারী নৌযানগুলোকে ১১ লাখ ৮০ হাজার ডলার জরিমানা দিতে হতো। কিন্তু এখন তাদের জরিমানা কমিয়ে মাত্র ৫৯ হাজার ডলার করা হয়েছে। নৌযানগুলোর যদি পতাকাবাহী দেশের সঙ্গে সমঝোতা থাকে বা সামুদ্রিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান পরিচালনা করে, তবে এখন থেকে তাদের কোনও জরিমানাই গুণতে হবে না। এছাড়া, অভিবাসী ও শরণার্থীদের যদি নিজ দেশে নির্যাতন বা অমানবিক আচরণের মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকে, তবে তাদের বহিষ্কার করা হবে না বলে ঘোষণা দিয়েছে ইতালি।